
শেষ আপডেট: 20 April 2023 08:15
দ্য ওয়াল ব্যুরো: খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং (Amritpal Singh) 'নিখোঁজ'। কোথায় লুকিয়ে রয়েছে, তা এখনও পুলিশ জানতে পারেনি। তবে মাঝেমধ্যেই অমৃতপালের বিভিন্ন ছবি ধরা পড়ছে বিভিন্ন জায়গার সিসিটিভি ক্যামেরাতে। কখনও পাঞ্জাব, কখনও হরিয়ানা আবার কখনও দিল্লিতে। শুধু অমৃতপাল নয়, তাঁর ঘনিষ্ঠদেরও একে একে গ্রেফতার করছে পুলিশ। এবার অমৃতপালের স্ত্রীকে অমৃতসর বিমানবন্দর থেকে আটক করা হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, লন্ডন পালাতে চাইছিলেন তিনি।
সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন দুপুর দেড়টা নাগাদ লন্ডনের বিমানে ওঠার কথা ছিল অমৃতপালের স্ত্রী কিরণদীপ। তার আগেই বিমানবন্দরে নিরাপত্তারক্ষীরা আটকায় তাকে। কেন তিনি লন্ডন যাচ্ছিলেন, সেটাই জানার চেষ্টা হচ্ছে। পাঞ্জাব পুলিশ সূত্রে খবর, কিরণদীপ ব্রিটেনের নাগরিক, সেখানকার পাসপোর্টও রয়েছে তার কাছে।
যদিও কিরণদীপের বিরুদ্ধে ভারতে কোনও সুনির্দিষ্ট অভিযোগ নেই। তিনি যে বাব্বর খালসা ইন্টারন্যশনালের সক্রিয় সদস্য তারও কোনও প্রমাণ মেলেনি। তবে কেন তাঁকে আটকানো হল বিমানবন্দরে? যেহেতু তাঁর স্বামী 'মোস্ট ওয়ান্টেড', পুলিশ খুঁজছে। তাই অমৃতপালের যেকোনও আত্মীয়কে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। সেই সূত্রেই কিরণদীপ কৌরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত মার্চ মাসেই কিরণদীপকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। অমৃতপাল বা তাঁর সংগঠনকে কোনওভাবে বিদেশ থেকে টাকা দিয়ে সাহায্য করা হয় কিনা, সেটাই জানার চেষ্টা করা হয়েছিল। দিন কয়েক আগেই অমৃতপালের এক ঘনিষ্ঠ সঙ্গী যোগাকে গ্রেফতার করেছিল পুলিশ।
পুলিশ জানিয়েছিল, অমৃতপালের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল যোগার। পালানোর সময় অমৃতপালের জন্য গাড়ি এবং গোপন আস্তানার বন্দোবস্তও করেছিলেন অভিযুক্ত। বারে বারে ছদ্মবেশ ধরতেই অমৃতপালকে সাহায্য করতেন তিনি। পিলিভিতে তাঁর থাকার ব্যবস্থাও করেছিলেন এই যোগাই।
এক মিনিটে চারবার হামলা, প্রৌঢ়কে আঁচড়ে-কামড়ে ক্ষতবিক্ষত করল দুই কুকুর