
শেষ আপডেট: 15 April 2023 15:39
দ্য ওয়াল ব্যুরো: খলিস্তানপন্থী শিখনেতা অমৃতপাল সিংয়ের (Amritpal Singh) অন্যতম প্রধান সহযোগী যোগা সিংকে গ্রেফতার করল পাঞ্জাব পুলিশ। শনিবার পাঞ্জাব পুলিশের তরফে জানানো হয়, ১৮ মার্চ পলাতক অমৃতপালের ছায়াসঙ্গী ছিলেন যোগা। এখনও পর্যন্ত অমৃতপালের কোনও সন্ধান পাওয়া না গেলেও তাঁর ঘনিষ্ঠদের একে একে গ্রেফতার করছে পুলিশ ও গোয়েন্দারা। এবার পুলিশের জালে ধরা পড়ল অমৃতপালের ঘনিষ্ঠ তথা ‘ওয়ারিস পাঞ্জাব দে’-র অন্যতম মাথা যোগা সিং।
পাঞ্জাব পুলিশের ডিআইজি (বর্ডার রেঞ্জ) নরিন্দর ভার্গব জানিয়েছেন, অমৃতসর (গ্রামীণ) এবং হোশিয়ারপুর পুলিশের যৌথ অভিযানে ফতেগড় সাহিব জেলার সরহিন্দ এলাকা থেকে যোগা সিংকে গ্রেফতার করা হয়েছে। অমৃতসরের এসএসপি (গ্রামীণ) সতীন্দর সিং জানিয়েছেন, উত্তরপ্রদেশের পিলিভিতে অমৃতপালের একটি ডেরা সামলাচ্ছিলেন যোগা। তিনি লুধিয়ানার বাসিন্দা।
পুলিশ জানাচ্ছে, অমৃতপালের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল যোগার। পালানোর সময় অমৃতপালের জন্য গাড়ি এবং গোপন আস্তানার বন্দোবস্তও করেছিলেন অভিযুক্ত। বারে বারে ছদ্মবেশ ধরতেই অমৃতপালকে সাহায্য করতেন তিনি। পিলিভিতে তাঁর থাকার ব্যবস্থাও করেছিলেন এই যোগাই।
অমৃতপাল সিংকে ধরতে পুলিশ বিরাট অভিযান চালাচ্ছে। পুলিশের তরফে দিন দু'য়েক আগেই জানানো হয়েছিল যতদিন না অমৃতপালকে গ্রেফতার করা যাচ্ছে, ততদিন সব ছুটি বাতিল। এদিকে অমৃতপাল কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তিনি দাবি করেছেন যে, তিনি পলাতক নন।। এমনকী খুব তাড়াতাড়ি সবার সামনে আসবে বলেও জানিয়েছিলেন অমৃতপাল।
কখনও পাঞ্জাব, কখনও হরিয়ানা বারবার অমৃতপালের নিত্যনতুন ছবি ধরা পড়েছে। তবে পুলিশ এখনও নাগাল পায়নি তাঁর। মাঝখানে খবর রটে গিয়েছিল যে, অমৃতসরের স্বর্ণমন্দিরে পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন অমৃতপাল। এখন দেখার যোগা সিং গ্রেফতারের পর অমৃতপালের নাগাল কবে পায় পুলিশ।
পুরসভার আসন মহিলাদের জন্য সংরক্ষিত, ৪৫ ঘণ্টার মধ্যে পাত্রী দেখে বিয়ে করলেন কংগ্রেস নেতা