
শেষ আপডেট: 31 March 2023 01:39
দ্য ওয়াল ব্যুরো: গত প্রায় দু'সপ্তাহ ধরে পাঞ্জাব-হরিয়ানা পুলিশকে কার্যত নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন খলিস্তানি নেতা অমৃতপাল সিং (Amritpal Singh)। মাঝেমাঝেই সিসিটিভি ফুটেজে ধরা পড়ছে তাঁর গতিবিধি, কিন্তু তিনি যে কোথায়, তা জানতে পারছে না কেউ। এমনকি আত্মসমর্পণের জল্পনা ঘনালেও তা সত্যি হয়নি। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে ইউটিউবে লাইভ ভিডিও বার্তা পোস্ট (Video Post) করে দিলেন তরুণ নেতা। সপাটে জানিয়ে দিলেন, তিনি মোটেও পালিয়ে বেড়াচ্ছেন না, আত্মসমর্পণও করবেন না। খুব তাড়াতাড়িই সবার সামনে আসবেন। তবে এই ভিডিও প্রথম নয়, এর আগের দিনও একটি ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন অমৃতপাল।
শেষ ভিডিওয় কী বলেছেন অমৃতপাল?
তাঁকে বলতে শোনা যায়, 'আমি পলাতক নই, কোথাও পালিয়ে যাইনি। আমি বিদ্রোহী। আমি আত্মসমর্পণ করব না। কিন্তু খুব তাড়াতাড়িই প্রকাশ্যে আসব। আমি সরকারকে ভয় পাই না, তারা যা খুশি করতে পারে। আমি মরতেও ভয় পাই না।' এছাড়াও তিনি ওই ভিডিওয় তাঁর পরিবারকে উদ্দেশ্য করে বলেন, তাঁরা যেন ধৈর্য্য না হারান। তাঁর মন্তব্য, 'কাঁটাভর্তি পথে আমি একা হাঁটছি।'
এর আগে, গত বুধবার বিকেলেই হঠাৎ একটি ইউটিউব চ্যানেল থেকে লাইভ ভিডিও করেন অমৃতপাল। সেই ভিডিওয় তিনি দাবি করেন, ঈশ্বরের আশীর্বাদেই তিনি পালাতে পেরেছেন। পাশাপাশি সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যেভাবে তাঁর সহযোগীদের গ্রেফতার করে জেলে ঢোকাচ্ছে সরকার, তা ঠিক হচ্ছে না। গোটা খালসা সম্প্রদায়ের স্বাধীন পঞ্জাবের পক্ষে জনমত গঠন করা উচিত এখন। তবে যে ইউটিউব চ্যানেল থেকে অমৃতপাল এই লাইভ ভিডিও করেছিলেন, কিছু সময় পরেই সেটিকে দেশে নিষিদ্ধ করে দেওয়া হয়।
প্রশ্ন এখন একটাই, কোথায় আত্মগোপন করে রয়েছেন অমৃতপাল, কোথা থেকেই বা এই ভিডিও পোস্ট করছেন তিনি। কখনও পঞ্জাব, কখনও হরিয়ানা, কখনও বা নয়াদিল্লি-- গত কয়েকদিনে এতবার এত জায়গায় দেখা গেছে তাঁকে, তার পরেও সঠিক লোকেশন খুঁজে পাওয়াই এখন চ্যালেঞ্জ পুলিশের কাছে।
ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা! আমেরিকার ইতিহাসে এই প্রথম অভিযুক্ত কোনও প্রাক্তন প্রেসিডেন্ট