দ্য ওয়াল ব্যুরো: ভাবুন তো, আপনি যাঁর প্রবল ভক্ত, যাঁকে টুইটারে নিয়মিত ফলো করেন, যাঁর জন্য আপনি সব কিছু করতে পারেন, এমনই কোনও মানুষ যদি আপনাকে ফলো ব্যাক করেন, তবে কেমন লাগবে! আনন্দে আত্মহারা হয়ে যাবেন নিশ্চয়! এমনটাই হয়েছে সোহম বরিচার সঙ্গে। তবে শুধু ফলো ব্যাক নয়, তাঁর পোস্ট রিটুইট করেছেন তাঁর 'ঈশ্বর'।
তিনি অমিতাভ বচ্চনের ডাইহার্ড ফ্যান। অন্তত এমনটাই বলছে তাঁর সোশ্য়াল মিডিয়ার অ্যাকাউন্ট। বিগ বি তাঁর কাছে জীবন্ত কিংবদন্তী। তাঁর প্রোফাইল ভর্তি কেবল অমিতাভ বচ্চনেরই নানারকম ছবি। অমিতাভ বচ্চন ছাড়া যেন আর কোনও কিছু নিয়েই মাথাব্যথা নেই সোহমের। এমনকি দিন কয়েক আগে বচ্চনজি যে তাঁকে টুইটারে ফলোব্যাক করেছেন, সেই স্ক্রিনশটও তিনি পোস্ট করেছেন টুইটারে।
এবার সেই বিগ বি-ই রিটুইট করলেন তাঁর পোস্ট, যা দেখে সোহম যে আনন্দে আত্মহারা সে নিয়ে তো কোনও সন্দেহ নেই, সেই সঙ্গে নেটিজেনরাও হেসে গড়াচ্ছেন। কি ছিল সেই টুইটে?
দেখা যাচ্ছে, সোহমের পোস্ট করা একটি ভিডিও রিটুইট করেছেন বিগ বি। সেই ভিডিওয় মোটরবাইকে উঠছেন এক ভদ্রলোক। তাঁর পেছনে উঠছে ছোট এক বাচ্চা। এখন সেই বাচ্চার ওঠার স্টাইলটি অভিনব। মাটিতে দাঁড়িয়ে বাবার পা জড়িয়ে ধরছে সে, এবার বাবা তুলে বাইকে ওঠার সঙ্গে সঙ্গে শূন্যে ভেসে উঠে বাইকে চড়ে পড়ছে বাচ্চাটিও। বাবা যতক্ষণে পা ফেলে বসলেন, ততক্ষণে বাচ্চাও সিটে বসে গেছে। না কাউকে ধরতে হল, না কাউকে তুলে দিতে হল। অভিনব কায়দায় বাইকে ওঠা হল বাচ্চার।
দেখুন ভিডিওটি।
https://twitter.com/SohamBoricha_AB/status/1353035822019170305
এই ভিডিও আপলোড করে সোহম মজা করে লিখেছেন, "এই টেকনিক যেন ভারতের বাইরে না যায়!" ভিডিও দেখে বিস্তর মজা পেয়েছেন অমিতাভ বচ্চনও। তাই তো তিনি রিটুইট করেছেন ভক্তের পোস্ট। এই উপহার পেয়ে ভক্তও খুশি। আর ভিডিও দেখে যে গোটা নেট-দুনিয়া খুশি, সে আর বলার অপেক্ষা রাখে না।