দ্য ওয়াল ব্যুরো : রবিবার শিলং-এ নর্থ ইস্ট পুলিশ অ্যাকাডেমি পরিদর্শনে যাওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু নাগরিকত্ব আইন নিয়ে অশান্তির জেরে বাতিল হয়ে গেল তাঁর সফর। একটি সূত্রে খবর, শনি ও সোমবার অমিত শাহ ঝাড়খণ্ডে ভোটের প্রচার করবেন। তার মাঝে রবিবার তাঁর শিলং-এ যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি সেখানে যাচ্ছেন না।
প্রস্তাবিত নাগরিকত্ব বিলে বলা হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যদি ধর্মীয় নিপীড়নের ভয়ে পালিয়ে আসেন, তবে তাঁদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর অবধি যাঁরা এদেশে এসেছেন, তাঁরাই নাগরিকত্ব পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।
ওই বিলের বিরুদ্ধে অগ্নিগর্ভ হয়ে উঠেছে উত্তর-পূর্ব ভারত। শুক্রবার শিলং-এ কয়েক হাজার মানুষ নাগরিকত্ব বিলের বিরুদ্ধে পথে নামেন। রাজ ভবনের কাছে উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের শেল ফাটায়।
বৃহস্পতিবার শিলং ও তার আশপাশে বড় ধরনের অশান্তি ছড়ায়। শিলং থেকে পাওয়া ভিডিওয় দেখা যায়, অন্তত দুটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, কেনাকাটার মূল জায়গা পুলিশ বাজারের দোকানপাটও বন্ধ। আর একটি ছবিতে দেখা গেছে, শহরের প্রধান সড়কে মশাল নিয়ে মিছিল করা হচ্ছে।
রাজধানী শিলং থেকে ২৫০ কিলোমিটার দূরে উইলিয়ামনগরে নাগরিকত্ব বিলের বিরোধীরা হেনস্থা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে। এক স্বাধীনতা সংগ্রামীরকে শ্রদ্ধা জানানোর জন্য তিনি তিনি উইলিয়ামনগরে গিয়েছিলেন। চপার থেকে নামতেই তাঁকে হেনস্থা করা হয়।