দ্য ওয়াল ব্যুরো : দিল্লি পুলিশের দাবি, শাহিনবাগে যে শূন্যে গুলি চালিয়েছিল, সে আম আদমি পার্টির সদস্য। এই অভিযোগকে ষড়যন্ত্র বলে উড়িয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, দিল্লি পুলিশকে নিয়ে ‘নিচুস্তরের ষড়যন্ত্র’ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজধানীতে ভোটের ৪৮ ঘণ্টা আগে তিনি আম আদমি পার্টির বিরুদ্ধে পুলিশকে ব্যবহার করতে চাইছেন। কেজরিওয়ালের দাবি, বন্দুকবাজের পরিবারও বলেছে, সে আপের সদস্য নয়।
কেজরিওয়ালের কথায়, “আপনারা কি মনে করেন, আমরা শাহিনবাগে গুলি চালাতে পারি? বন্দুকবাজের পরিবার বলছে, তার সঙ্গে আপের কোনও সম্পর্ক নেই। নির্বাচনের যখন ২৪ ঘণ্টাও বাকি নেই, তখন এই ধরনের নিচুমানের ষড়যন্ত্র হচ্ছে... যে কেউ বলবে, পুলিশকে ভোটের আগে ব্যবহার করা হচ্ছে।”
বন্দুকবাজের নাম কপিল গুজ্জর। তার পরিবার জানিয়েছে, সে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না। গত শনিবার কপিল ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে শাহিনবাগে গুলি চালায়। তার কাছেই নাগরিকত্ব আইনের বিরোধীরা অবস্থান করছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ দাবি করে, কপিল আম আদমি পার্টির সদস্য। তার ফোনের একটি ছবিও রিলিজ করা হয়। তাতে দেখা যায়, কপিল আপের টুপি পরে দাঁড়িয়ে আছে। আম আদমি পার্টির কয়েকজন নেতাকেও দেখা যাচ্ছে তাঁর সঙ্গে।
আপের নেতা সঞ্জয় সিং ও অতিশির সঙ্গে কপিলের ছবি দেখার পরেও তার বাবা গজে সিং বলেছেন, আমার ছেলের সঙ্গে ওই দলের কোনও সম্পর্ক নেই। আমার পরিবারের কেউ রাজনীতিতে যুক্ত নয়। গত লোকসভা ভোটের সময় আমাদের পাড়ায় আপ নেতারা প্রচারে এসেছিলেন। তখন আমরা অনেকে ওই দলের নাম লেখা টুপি পরেছিলাম। সেই ছবিটাই পুলিশ দেখাচ্ছে।