
শেষ আপডেট: 25 May 2023 12:21
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে অশান্ত মণিপুরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে দিনক্ষণ এখনও জানাননি। তিনি বলেছেন, মণিপুরে (Manipur) শান্তি ফেরানোর যাবতীয় চেষ্টা চালাবেন তিনি।
এ মাসের ৩ তারিখ থেকে মণিপুর অশান্ত হয়ে ওঠে জাতিগত সংঘাতের কারণে। প্রথম দফার হিংসায় প্রায় ৭০ জনের মৃত্যু হয়েছে। কয়েক হাজার মানুষ এলাকা ছাড়া। অনেকেই রাজ্য ছেড়ে যাচ্ছেন। প্রথম দফার গোলমাল থামার পর ফের নতুন করে অশান্তি শুরু হয়েছে। বুধবারও এক ব্যক্তি নিহত হয়।
মণিপুরের বিস্তীর্ণ এলাকা এখনও সেনার নিয়ন্ত্রণে। রয়েছে আধা সেনাও। তারপরও হিংসা না থামার পিছনে রাজনৈতিক প্রক্রিয়ার অভাবকেই দায়ী করেছে বিভিন্ন মহল। অশান্তি চলাকালে কর্নাটকে নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বার মণিপুর নিয়ে কেন্দ্রের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

গত মাসের মাঝামাঝি নাগাদ মণিপুর হাই কোর্ট রাজ্যের সংখ্যাগুরু সম্প্রদায় মইতেইকে তফসিলি উপজাতি হিসাবে ঘোষণার জন্য রাজ্য সরকারকে পদক্ষেপ করতে বলে এই নির্দেশের পরই গোটা রাজ্যজুড়ে গোলমালের সূত্রপাত হয়।
আদালতের ওই রায়ে ক্ষিপ্ত হয়ে ওঠে রাজ্যের জনজাতি সম্প্রদায়গুলি। রাজনৈতিক মহলের মতে, তখনই রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করা উচিত ছিল। রাজ্য প্রশাসন তখন হাত গুটিয়ে থাকায় এখন পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। মইতেই সম্প্রদায়ের মানুষ মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের সঙ্গে আলোচনায় নারাজ কুকি সম্প্রদায়ের প্রতিনিধিরা। এমনকী শাসক দল বিজেপির মধ্যেও বীরেন সিংহকে আপত্তি উঠেছে।