
শেষ আপডেট: 1 April 2024 14:41
দ্য ওয়াল ব্যুরো: রবিবার কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। ঘরবাড়ি হারিয়েছেন বহু মানুষ। রাতেই জলপাইগুড়ি যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারের সঙ্গে কথা বলে হাসপাতালে আহতদের দেখতে যান তিনি। সোমবার সকালে দুর্যোগের খবর নিতে মুখ্যমন্ত্রীকে ফোন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ক্ষতিগ্রস্তদের সববরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। নিজের এক্স হ্যান্ডলে এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শাহ। বাংলায় ভাষায় আহতদের দ্রুত আরোগ্য ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনার বার্তা দেন তিনি।
রবিবার বিকেল সাড়ে ৩ টে নাগাদ জলপাইগুড়িতে ঝড় শুরু হয়। মাত্র ১৫ মিনিটেই জলপাইগুড়ি শহর, ধূপগুড়ি, ময়নাগুড়ির বেশ কিছু এলাকায় ঝড়ে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার কথা জানার পরই সোশ্যাল মিডিয়ায় রাতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর সোমবার সকালে এক্স হ্যান্ডলে বাংলায় বার্তা দিলেন অমিত শাহ।
কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী লিখেছেন, ‘‘ঝড়ের জন্য পশ্চিমবঙ্গ, অসম এবং মণিপুরের ব্যাপক ক্ষতি হয়েছে। আমি খুবই উদ্বিগ্ন। মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছি এবং সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছি।’’ সঙ্গে সংশ্লিষ্ট রাজ্যের বিজেপি নেতা-কর্মীদের উদ্দেশে তিনি লেখেন, ‘‘বিজেপির সমস্ত কর্মীদের এই সঙ্কটের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকা উচিত এবং তাদের সম্ভাব্য সব রকম সাহায্য করার আবেদন করছি।’’
ঝড়ের কারণে পশ্চিমবঙ্গ, আসাম এবং মণিপুরের ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য আমি গভীরভাবে উদ্বিগ্ন। মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছি এবং সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছি।
— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah) April 1, 2024
নিহতদের পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
বিজেপির সমস্ত…
রবিবারের ঝড়ে অসমের বেশ খানিকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিনে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গেও ফোনে কথা বলেছেন অমিত শাহ। সোশাল মিডিয়া পোস্টে সেবিষয়েও জানিয়েছেন তিনি।
অন্যদিকে, সোমবার সকালে জলপাইগুড়ি গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এলাকায় গিয়ে প্রাকৃতিক দুর্যোগে মৃত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। কলকাতা বিমানবন্দর থেকে জলপাইগুড়ির ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল। রাতেই আর্তদের সাহায্যের জন্য রাজভবনে এমারজেন্সি সেল খোলা ব্যবস্থা করেন তিনি। রাজভবনে প্রস্তুত রাখা হয় পিস রুম, খোলা হয়েছে জরুরি সেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে যোগাযোগ রাখছে রাজভবন।
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানান বোস। এদিন জলপাইগুড়ি গিয়ে পৌঁছেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। দুপুরে তিনি হাসপাতালে আহতদের দেখতে যান।