.webp)
কী বলেছিলেন অধীর?
শেষ আপডেট: 1 May 2024 17:01
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার জঙ্গিপুরে প্রচারে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী যা বলেছিলেন, এবার সেটাই লুফে নিলেন বিজেপি মুখপাত্র অমিত মালব্য। শুধু লুফে নেওয়া নয়, সোশাল মিডিয়া টুইটারে তা নিয়ে একপ্রকার লোফালুফি খেলাও শুরু হয়ে গেছে। ঘটনা হল, অধীর চৌধুরীর সেই ভিডিও ফুটেজ নিয়ে বুধবার সকাল থেকে সরব তৃণমূলও।
কী বলেছিলেন অধীর?
মঙ্গলবার জঙ্গিপুরে প্রচারে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, বাংলায় ধর্মীয় মেরুকরণের জন্য এখন একটা আঁতাত তৈরি হয়েছে। সেই আঁতাতের দুই চরিত্র হল বিজেপি ও তৃণমূল। তাই ভোটের সময়ে নতুন করে আমদানি করা হয়েছে নাগরিকত্ব আইনের বিষয়টি। এই বিষয়টির বাজার দেশের আর কোথাও নেই। ওরা মনে করছে শুধু বাংলায় আছে। আর তাই নিজেদের মধ্যে আলোচনা করে এটা বাংলায় এনেছে বিজেপি ও তৃণমূল। যাতে হিন্দু ও মুসলমান ভোট ভাগাভাগি করে নেওয়া যেতে পারে।
জঙ্গিপুর সংখ্যালঘু অধ্যুষিত আসন। সেখানে কংগ্রেস মুর্তাজা হোসেনকে প্রার্থী করেছে। তাঁর প্রচারে গিয়ে অধীর চৌধুরী এও বলেন, “দেশে যদি সাম্প্রদায়িক সদ্ভাব রাখতে হয়, তাহলে বাম-কংগ্রেস ছাড়া বিকল্প নেই।” সেই সঙ্গে বলেন, “মোদীর মুখ শুকিয়ে যাচ্ছে দিনের পর দিন। প্রথম প্রথম মোদী বলছিল চারশর বেশি সিট পাবে। এখন আর মোদীর সেই বাতেলা নেই। সার্ভে বলছে, মোদীর একশ সিট হাত থেকে বেরিয়ে গেছে। আরও কমের দিকে যাচ্ছে। তাই ভুল করবেন না কংগ্রেস ও বামকে জেতানো জরুরি। কংগ্রেস এবং বাম যদি না জেতে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতায় আঘাত পড়বে। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভাল বিজেপিকে ভোট দিয়ে দেওয়া। তাই তৃণমূলকে নয় বিজেপিকে নয়, আপনারা এখানে বকুলকে (মুর্তজা হোসেন) ভোট দিন। শীত গ্রীষ্ম ভরসা, বকুল আপনাদের ভরসা”। অধীর বোঝাতে চান তৃণমূল আর বিজেপি মুদ্রার এপিঠ আর ওপিঠ।
Adhir Ranjan Chowdhury knows exactly how bad the situation in West Bengal, under Mamata Banerjee’s TMC, is. He wishes well for his home state.
— Amit Malviya (मोदी का परिवार) (@amitmalviya) May 1, 2024
Listen to him, Bengal. pic.twitter.com/4psl0vnY3X
অমিত মালব্য এদিন বেছে এই বক্তৃতার একটা অংশ টুইট করেছেন। যেখানে অধীর বলেছেন, “তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভাল বিজেপিকে ভোট দিয়ে দেওয়া”।
অধীর চৌধুরীর এই বক্ততা নিয়ে এদিন প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূলও। এদিন সকালে তৃণমূল সাংসদ সুস্মিতা দেব অধীরের বক্তৃতার ওই অংশটুকুই টুইট করে বলেছেন, বাংলার বিজেপির স্টার ক্যাম্পেনার হলেন অধীর চৌধুরী।
Meet the @INCIndia star campaigner for BJP in Bengal. @adhirrcinc Leader of the House of Lok Sabha. pic.twitter.com/HnFz8Ky71S
— Sushmita Dev সুস্মিতা দেব (@SushmitaDevAITC) May 1, 2024
বিজেপি ও তৃণমূলের এই ট্যুইট প্রসঙ্গে এদিন দ্য ওয়ালকে অধীর চৌধুরী বলেন, “আমি কি তাহলে ভুল বলেছিলাম। আমার বক্তৃতা একই সঙ্গে বিকৃত করছে বিজেপি-তৃণমূল। তার মানে তো পরিষ্কার। ওদের মধ্যে আঁতাত আছে। আমার কথা তাই ওদের আঁতে লেগেছে”।