
শেষ আপডেট: 16 November 2023 16:50
দ্য ওয়াল ব্যুরো: আমহার্স্ট স্ট্রিট থানার ভিতরে মৃত যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। এমনকী ঘটনার জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্তও। মৃতের পরিবারের পাশাপাশি মামলা করে বিজেপিও। বৃহস্পতিবার দ্রুত শুনানির আর্জি জানানো হয়। যদিও সেই আর্জি খারিজ করে দিয়ে বিরক্তি প্রকাশ করেছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। ভরা এজলাসে তিনি বলেন, কোনও ঘটনা ঘটলেই তা হাইজ্যাক করা চেষ্টা চলে!
চোরাই মোবাইল কেনার অভিযোগে বুধবার সন্ধেবেলা আমহার্স্ট স্ট্রিট থানায় ডেকে পাঠানো হয়েছিল কলুটোলা লেনের বাসিন্দা অশোককুমার সাউকে। অভিযোগ, কিছুক্ষণ পরেই গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, থানার মধ্যেই পিটিয়ে খুন করা হয়েছে অশোককে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়।
ঘটনার খবর জানাজানি হতেই থানার সামনে জড়ো হন আশোকের পরিবারের লোকেরা। ছিলেন প্রতিবেশীরাও। বিজেপি কাউন্সিলর সজল ঘোষও পৌঁছন ঘটনাস্থলে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সন্ধেবেলা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানা এলাকা ও কলেজ স্ট্রিট চত্বর।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট খুলতেই আদালতের দ্বারস্থ হন বিজেপি নেতা সজল ঘোষ। প্রধান বিচারপতির এজলাসে মামলা করার অনুমতি চাওয়া হয়। প্রধান বিচারপতি অনুমতি দিলে মামলা দায়ের হয়। মামলাকারীর পক্ষের আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেয়ালের অভিযোগ, বাড়ির লোক সিসিটিভি ফুটেজ দেখতে চাইলেও দেখতে দেওয়া হয়নি। ময়নাতদন্ত এইমসে করার আর্জি জানানো হয়েছে মামলাকারীর পক্ষে। পাশাপাশি ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করার আর্জি জানানো হয়েছে। এমনকী পরিবারের তরফেও মামলা দায়ের করা হয়।
এদিন দুপুরে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার দ্রুত শুনানির আর্জি জানান আইনজীবী টিব্রেয়াল। তা শুনেই বিরক্তি প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি জানতে চান, মামলার আবেদনকারী কে? তা শোনার পরই একরাশ ক্ষোভ উগরে দিয়ে বিচারপতি বলেন, কোনও ঘটনা ঘটলেই সেটাকে হাইজ্যাক করার চেষ্টা হয়। যা একেবারেই বাঞ্ছনীয় নয়। রাজ্যের তরফে জানানো হয়, ইতিমধ্যেই মৃত যুবকের ময়নাতদন্ত শুরু হয়েছে। ভিডিওগ্রাফিও করা হচ্ছে। পরিবারকেও সে কথা জানানোও হয়েছে।
সব কথা শোনার পর মামলাকারীর দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামীকাল অর্থাৎ শুক্রবার এই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে।