
শেষ আপডেট: 25 December 2024 15:44
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: স্বামীর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আত্মহত্যার ইঙ্গিত মিলতেই ক্ষোভে ফেটে পড়লেন আমডাঙার পঞ্চায়েতের উপপ্রধান, আবুল নাসেরের স্ত্রী সুরাইয়া। তাঁর অভিযোগ, খুন করা হয়েছে তাঁর স্বামীকে। কিন্তু পুলিশ বিষয়টিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। পুরো বিষয়টি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন তিনি।
শনিবার সকালে মন্দারমণির একটি হোটেলের ঘর থেকে আমডাঙার পঞ্চায়েতের উপপ্রধান সুরাইয়ার স্বামী আবুল নাসেরের দেহ উদ্ধার হয়। এই ঘটনায় আবুলের পরিবারের লোকজন সরাসরি খুনের অভিযোগ আনেন। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ ওই নেতার এক বান্ধবী ও বন্ধুকে গ্রেফতার করে। মঙ্গলবার রাতে আবুলের দেহের ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ, তাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার কথাই বলে হয়েছে বলে খবর।
এরপরেই আবুলের স্ত্রী সুরাইয়া সরাসরি অভিযোগের আঙুল তোলেন পুলিশের বিরুদ্ধে। তিনি বলেন, "অনেক কিছু আড়াল করছে পুলিশ। ধৃত যুবতীর মামা এক বার ডান্সারকে মোটা অঙ্কের টাকা দিয়েছেন। কারণ আবুল মারা যাওয়ায় পর প্রায় ২০ কোটি কোটি টাকার সম্পত্তি হাতানোর সুবিধা হয়ে গিয়েছে তার। মন্দারমনি থানার ওসির সঙ্গে ডিল করেছেন তিনি। তাই তাকে গ্রেফতার করা হচ্ছে না।" তদন্তের দায়িত্ব থেকে মন্দারমণি থানার ওসিকে সরানোর দাবি জানিয়ে মুখ্য়মন্ত্রীর দফতরে চিঠি দিয়েছেন তিনি।
মৃত আবুলের মাও বলেন, ‘‘পুলিশ বারবার বোঝানোর চেষ্টা করে যে, আমার ছেলে আত্মহত্যা করেছে। আমাকে দিয়ে কতগুলো কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে। ওসিকে আমাদের কোনও কথা শুনতে চাননি।"
পূর্ব মেদিনীপুর ডিএসপি (ডিএনটি) আবনুর হোসেন বলেন, ‘‘পক্ষপাতিত্বের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ময়নাতদন্তের রিপোর্টে প্রাথমিকভাবে আত্মহত্যার পক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্ত চলছে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ যদি প্রমাণিত হয়, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’’