
শেষ আপডেট: 4 November 2019 04:00
হ্যাঁ, স্থানীয় উপজাতির মানুষগুলোর কাছে এটা চক্রান্তই। তাঁরা মনে করেন, বনজ সম্পদ, চাষের জমি, দামী খনিজ পদার্থের লোভে ইচ্ছে করে আগুন লাগানো হয়েছে আমাজনে। তবে তাঁরা একাই নয়। এই অভিযোগ উঠেছে বিশ্ব জুড়ে। প্রেসিডেন্ট জাইরো বলসোনারো ক্ষমতায় আসার পর থেকেই তাঁর অরণ্য-নীতি সমালোচনার মুখে। সংরক্ষিত এলাকায় চাষজমি খনি খোঁজার ব্যাপারে অনুশাসন আলগা করেছেন তিনি, আর তাতেই মাথা চাড়া দিয়েছে খনিমাফিয়া জমিমাফিয়ারা। অবাধে সাফ হয়ে যাচ্ছে অরণ্য। আর সেই সাফাইয়েরই বড় রূপ এই অগ্নিকাণ্ড। উপগ্রহ চিত্রও বলেছে, এইআগুন প্রাকৃতিক নয়, ম্যানমেড।
এ ভাবে আগুন লাগিয়ে আমাজন উজাড় করা শুরু হয়েছে অগাস্ট মাস থেকেই। তার পর থেকেই নিয়মমাফিক পাহারা দিতে শুরু করেছেন তাঁরা। আমাজনের বিশাল এলাকার আগুনের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার পরেই এই পদক্ষেপ তাঁদের।
নিহত আদিবাসী পাওলো তাঁর নিজের এলাকায় কাঠুরেদের চক্রের বিরুদ্ধে আন্দোলনরত 'গার্ডিয়ান্স অব দ্য ফরেস্ট' অর্থাৎ 'অরণ্যের অভিভাবক' গোষ্ঠীর সক্রিয় সদস্য ছিলেন তিনি। এই হত্যাকাণ্ডের ঘটনায় আমাজন সুরক্ষার দাবিতে আন্দোলনকারীদের হিংসা আরও বেড়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে। কারণ ঘটনার পরে রীতিমতো ফুঁসছেন তাঁরা। অভিযোগ তুলেছেন, সংরক্ষিত বনাঞ্চলে ফাঁদ পেতে পাওলোকে হত্যা করেছে অবৈধ কাঠুরেরা। আরও এক আদিবাসী আহতও হয়েছে বলে দাবি তাঁদের। পুলিশ জানিয়েছে, আদিবাসীদের পাল্টা গুলিতে এক কাঠুরেও নিহত হয়েছে।
এই এলাকার বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীগুলির উন্নতির জন্য গড়ে তোলা এনজিও 'সারভাইভাল ইন্টারন্যাশনাল' জানিয়েছে, এর আগেও তিন জন স্থানীয় আন্দোলনকারীকে হত্যা করা হয়েছে। আমাজনের পূর্বাঞ্চলে এই আদিবাসীদের এলাকাটি সংরক্ষণ ও সুরক্ষায় ব্যর্থ হওয়ায় ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে অভিযোগ তুলেছে তারা।
ব্রাজিলের আইনমন্ত্রী হের্গিও মোরো বলেছেন, "পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এই গুরুতর অপরাধে জড়িতদের শাস্তির মুখোমুখি করতে কোনও ছাড় দেওয়া হবে না।"