ফ্রান্সে সদ্য সমাপ্ত হল জি-৭ সম্মেলন। তারই শেষ দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ আমাজনের দাবানল নিয়ন্ত্রণে জি-৭ দেশগুলোর তরফে দু'কোটি ২০ লাখ ডলার দেওয়ার কথা জানান। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের নেতারা এ সিদ্ধান্তের ব্যাপারে একমত হন বলেই জানা যায়।
কিন্তু বোলসোনারোর বক্তব্য, ফ্রান্স নাকি ব্রাজিলের সঙ্গে উপনিবেশের মতো আচরণ করছে। এই অর্থসাহায্যের প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি বলেন, "ধন্যবাদ। কিন্তু অত টাকা সম্ভবত ইউরোপের উন্নয়নের কাজে লাগালেই তা বেশি প্রাসঙ্গিক হবে।” এই প্রসঙ্গে ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রী ফোর্নান্দো আজেভেদো ই সিলভা দাবি করেছেন, আমাজনের আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি। আগুন নেভাতে এবং অন্যান্য অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য চুয়াল্লিশ হাজার সেনা ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
গত কয়েক মাস ধরে দাবানলে আক্রান্ত বিশ্বের বৃহত্তম রেনফরেস্ট, আমাজন। এই বছরের আট মাসে ৭৫ হাজারেরও বেশি দাবানল লেগেছে বলে দাবি করেছে উপগ্রহ চিত্র। সে ছবি খুঁটিয়ে দেখে পরিবেশ বিজ্ঞানীরা দাবি করেছেন, প্রাকৃতিক কারণে এই ম্যারাথন দাবানল ঘটেনি। এর পেছনে রয়েছে 'ম্যানমেড' কারণ। অভিযোগের আঙুল উঠেছে প্রেসিডেন্ট বোলসোনারোর দিকেই। তাঁরই প্রশ্রয়ে যথেচ্ছ অরণ্য নিধন করছে জমি মাফিয়া ও খনি মাফিয়ারা। শুধু তা-ই নয়, এই অগ্নিকাণ্ড যখন ক্রমেই বিপদসীমা ছাড়াচ্ছে, আট হাজার বর্গকিলোমিটার অরণ্য যখন পুড়ো খাক হয়ে গেছে, তখনও কোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপ না-করায় নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

আমাজনের ২৪৫টি এলাকায় দু'হাজার ৩১২টি সোনার খনি রয়েছে বলে জানিয়েছে অ্যামাজন সোশিও-এনভায়রনমেন্টাল। চলতি বছরের জানুয়ারি মাসে ক্ষমতায় আসার পরেই ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো জানিয়ে দেন, যে তিনি মনে করেন, আমাজন অরণ্যের খনিজ উত্তোলনের সম্ভাবনাকে কাজে লাগানো দরকার। তাই আগুন লাগার পরে তিনিই উঠেছেন কাঠগড়ায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি রিপোর্টে দাবি করা হয়েছে, প্রেসিেন্ট হওয়ার আগেই নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে সংরক্ষিত আদিবাসীদের এলাকায় খনন কাজকে বৈধ বলে মেনে নেওয়াক কথা দিয়েছিলেন বোলসোনারো।এ জন্য আদিবাসীদের ভূমি আইনও আলগা করে দেওয়ার অঙ্গীকার করেন তিনি। ইতিমধ্যেই আমাজন এলাকা থেকে প্রতি বছর ২০ টন সোনা অবৈধ ভাবে উত্তোলন করে পাচার করা হয় বলে দাবি ওই রিপোর্টে।

ওই রিপোর্টে আরও বলা হয়, আশির দশকে একটি অবৈধ সোনার খনিতে কাজ করতেন বোলসোনারো নিজেই। সেই কারণেই অবৈধ খনি ব্যবসায়ীদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে তার। প্রেসিডেন্ট হওয়ার জন্য তাদের সমর্থনও কাজে লেগেছে তার। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বোলসোনারো দাবি করেছেন, এনজিও-গুলির ফান্ড কমিয়ে দেওয়ায় তারাই এই কাজ করেছে ইচ্ছে করে।
সারা পৃথিবীর নানা প্রান্তে বেড়েছে প্রতিবাদ-বিক্ষোভ। আন্তর্জাতিক চাপও বেড়েছে ব্রাজিলের উপর। গত সপ্তাহেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ আমাজনের দাবানলকে ‘আন্তর্জাতিক সংকট’ বলে বর্ণনা করেছিলেন। ভ্যাটিকান থেকে পোপ ফ্রান্সিস নিজে জানিয়েছেন, এই আগুন রুখতে অবিলম্বে পদক্ষেপ করার কথা। সুপার ট্যাঙ্কার বোয়িং বিমান পাঠিয়ে আকাশপথে জল ঢেলে আমাজনের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে বলিভিয়া।
পরিবেশ বিজ্ঞানীরা জানিয়েছেন, বিশ্বের সব চেয়ে বড় চিরহরিৎ বনাঞ্চল আমাজন বিপুল পরিমাণ কার্বন নিজের মধ্যে সঞ্চিত রেখে বিশ্ব উষ্ণায়নের গতি খানিকটা শ্লথ রেখেছে। ৩০ লক্ষেরও বেশি প্রাণীর প্রজাতি এবং উদ্ভিদের পাশাপাশি ১০ লক্ষ আদিবাসী মানুষের এই বাসভূমি থেকে বিশ্বের মোট চাহিদার ২০ শতাংশ অক্সিজেন উৎপাদিত হয় বলে, একে ‘পৃথিবীর ফুসফুস’ও বলা হয়।