
শেষ আপডেট: 8 July 2023 09:44
দ্য ওয়াল ব্যুরো: খারাপ আবহাওয়ার কারণে স্থগিত করা হল জম্মু থেকে অমরনাথ যাত্রা (amarnath yatra postponed)। জানা গেছে, পুণ্যার্থীদের নিরাপত্তার কথা ভেবে প্রবল দুর্যোগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। শনিবার সকালেই এই সিদ্ধান্ত আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। শনিবার অর্থাৎ ৮ জুলাই সকাল থেকেই চলতি বছরের নতুন দলের অমরনাথ (amarnath) যাত্রা শুরু করার কথা ছিল। তবে সেই যাত্রা আপাতত স্থগিত করা হল।

প্রসঙ্গত, প্রতি বছরই অমরনাথ যাত্রার উদ্দেশে রওনা হন কয়েক লাখ পুণ্যার্থী। ধাপে ধাপে রওনা হন তাঁরা। চলতি বছরেও একই নিয়ম মেনে ভগবতী নগরের যাত্রী নিবাস বেস ক্যাম্প থেকে রওনা হওয়ার কথা ছিল এক দল পুণ্যার্থীর।
প্রসঙ্গত, এই মুহূর্তে জম্মু সহ সমস্ত উত্তর ভারতে প্রবল বৃষ্টিতে একাধিক জায়গায় ধসের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, রাস্তার অবস্থাও নানা জায়গায় বেশ খারাপ। সেই সঙ্গে, প্রবল বৃষ্টিতে নানা জায়গায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। সেই কারণেই একাধিক জায়গায় যান চলাচলও ব্যাহত হয়েছে।

শনিবার জম্মু ও কাশ্মীরের সংযোগকারী জাতীয় সড়ক বন্ধ করা হয়েছে। মেহাদ, শেরি, এবং রম্বন জেলায় ধস ও পাথর ভাঙার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান এসএসপি ট্র্যাফিক রোহিত বাসকোত্রা। মেহাদে রাস্তার অবস্থা বেশ খারাপ, জানা গেছে পুলিশ সূত্রে। এছাড়াও রম্বন, শ্রীনগর থেকে সোনমার্গ যাওয়ার রাস্তা সহ একাধিক অঞ্চলে ধসের ফলে রাস্তা বন্ধ আছে। প্রশাসনের পক্ষ থেকে বন্যা সতর্কতা জারি করা হয়েছে একাধিক জায়গায়।
স্মৃতিমেদুর আনন্দ মাহিন্দ্রা, তাঁবুর ছবি দিয়ে স্কুলের ক্যাম্পের কথা মনে করালেন টুইটারে