দ্য ওয়াল ব্যুরো : বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছিলেন, তিনি পেঁয়াজ বেশি খান না। তা নিয়ে বৃহস্পতিবার কড়া সমালোচনা করেছে কংগ্রেস। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী অশ্বিন চৌবেকে পেঁয়াজের মুল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করলে তিনিও হেসে জবাব দেন, আমি নিরামিষাশী। কখনও পেঁয়াজ খাইনি। দেশে পেঁয়াজের সংকট দেখা দিয়েছে কিনা আমার জানা নেই।
কলকাতায় ও দেশের অন্যান্য প্রান্তে পেঁয়াজের প্রতি কেজির দর ছাড়িয়েছে ১০০ টাকার বেশি। তা নিয়ে বিরোধীরা প্রতিবাদ জানিয়েছেন সংসদে। অশ্বিন চৌবে বলেন, "আমি নিরামিষাশী। আমার পক্ষে কীভাবে পেঁয়াজের বাজার দর জানা সম্ভব?"
তাঁর দাবি, অর্থমন্ত্রীর বিরুদ্ধে বিরোধীরা যে অভিযোগ তুলছেন, তিনি সেকথা বলেননি। তিনি বলেন, "নির্মলা কখন ওই ধরনের কথা বলেছেন? কখনই বলেননি। নির্মলাজির কাছে পেঁয়াজের সংকট নিয়ে জানতে চাওয়া হয়েছিল। তিনি সুন্দর করে বুঝিয়ে বলেছেন, সরকার ওই সংকট দূর করার জন্য কী পদক্ষেপ নিয়েছে।"
এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন অশ্বিন চৌবে। গত মাসেই তিনি বিহারের বক্সারে এক হাসপাতালের বাইরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে চিৎকার করে কটু মন্তব্য করেছিলেন। গত সেপ্টেম্বর মাসে তিনি বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই স্বাস্থ্যরক্ষার জন্য গোমূত্র পান করতেন। জুন মাসে বিহারে জাপানি এনসেফেলাইটিসের সংক্রমণ দেখা যায়। তখন এসম্পর্কে মুজাফফরাবাদে সাংবাদিক বৈঠক চলার সময় অশ্বিন চৌবেকে ঘুমোতে দেখা যায়।