দ্য ওয়াল ব্যুরো: আলোয়ারে গরু পাচারকারী সন্দেহে রাকবর খান হত্যায় ধৃত তিনজনকে মুক্তির দাবিতে সরব হলেন বিজেপি বিধায়ক জ্ঞান দেব আহুজা। আর তাঁর দাবির সপক্ষে হাতিয়ার করলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাবচাঁদ কাটারিয়ার বক্তব্যকে।
জ্ঞান দেব এর যুক্তি কী?
রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছে রাকবরের। এজন্য তিনি বিচারবিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছেন। তাই ধৃত তিনজনকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। বারবার তাঁর বক্তব্যে বিধায়ক বলেছেন, গণপিটুনিতে নয়। রাকবরের মৃত্যু হয়েছে পুলিশি হেফাজতে।
প্রসঙ্গত আলোয়ারের ঘটনার আঁচ পড়েছে সর্বভারতীয় রাজনীতিতেও। উত্তপ্ত হয়েছে সংসদ। জ্ঞান দেব-এর এই বক্তব্যে সেই আগুনে ঘি পড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।