
ফাইল ছবি।
শেষ আপডেট: 25 March 2025 15:18
দ্য ওয়াল ব্যুরো: ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল লোকসভা অধিবেশন। তাৎপর্যপূর্ণভাবে, বাংলার পাশাপাশি ১০০ দিনের প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সরব হয়েছে তামিলনাড়ু এবং কেরলের সাংসদরাও।
পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদদের সঙ্গে সোচ্চার হন তামিলনাড়ুর ডিএমকে এবং কেরলের বাম সাংসদরা। ওয়েলে নেমেও বিক্ষোভ দেখান তাঁরা। যার জেরে এদিন মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন।
কেন ১০০ দিনের টাকা আটকে রাখা হয়েছে, কেন যোগ্যরা তাঁদের প্রাপ্য টাকা পাবেন না, এদিন সংসদে এই প্রশ্ন তোলেন তৃণমূলের সাংসদরা। অভিযোগ, যেখানে বিজেপি-বিরোধী সরকার রয়েছে, সেখানেই টাকা আটকে রাখছে কেন্দ্র। বাংলার সুরে সুর মেলান তামিলনাড়ু, কেরলের সাংসদরাও।
পরে এ ব্যাপারে সংসদের বাইরেও বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা। সেখানে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "যদি কোথাও কোনও বেনিয়ম হয়ে থাকে, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। তা না করে যেভাবে বছরের পর বছর মানুষের প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে তা থেকেই স্পষ্ট, সবটাই কেন্দ্রের চক্রান্ত।"
বস্তুত, ২০২১ সালে বিধানসভা ভোটের পর থেকে ১০০ দিনের কাজ, আবাস যোজনা-সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্র টাকা আটকে রেখেছে বলে রাজ্যের অভিযোগ। এ নিয়ে বাংলার ১০০ দিনের বঞ্চিতদের দিল্লি নিয়ে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভও দেখিয়েছে তৃণমূল। এবার একই অভিযোগে তৃণমূলের সঙ্গে সরব হলেন তামিলনাড়ুর ডিএমকে এবং কেরলের বাম সাংসদরা।