
প্রতীকী ছবি।
শেষ আপডেট: 25 April 2025 20:41
দ্য ওয়াল ব্যুরো: নেশা ছাড়ানোর নাম করে নেশামুক্তি কেন্দ্রের (Drug Rehabilitation Center) মধ্যে এক রোগীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল।
পরিবারের অভিযোগ, প্রতিদিন রাতে জোরে জোরে বক্স চালিয়ে পিভিসি পাইপ, বেল্ট, বাঁশ দিয়ে নগ্ন করে হাত-পা বেঁধে পশ্চাতদেশে মারধর করা হতো। এমনকী মারধরের পর সেই ক্ষতে নুন ও লঙ্কা লাগিয়ে দেওয়া হত। আক্রান্ত তরুণের নাম দীপক কুমার সাউ। বাড়ি ডানকুনির নর্থ সুভাষ পল্লি এলাকায়।
পরিবারের অভিযোগের ভিত্তিতে শুক্রবার নেশামুক্তি কেন্দ্রের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। হুগলির ডানকুনির চণ্ডীতলার ঘটনা। বিষয়টি প্রকাশ্যে আসতেই জনমানসে তীব্র শোরগোল ছড়িয়েছে।
দীপকের পরিবার জানায়, নেশা সংক্রান্ত সমস্যার কারণে গত বছর ১৮ সেপ্টেম্বর চণ্ডীতলার ওই নেশামুক্তি কেন্দ্রে দীপককে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা বাবদ মাসে সাড়ে চার হাজার টাকা দেওয়া হত। অভিযোগ, গত মাস তাঁদেরকে ছেলের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।
পরিবারের দাবি গত ১৮ এপ্রিল তাঁরা এক প্রকার করে জোর করে ছেলেকে ছুটি করে বাড়ি নিয়ে যান। এরপরই অত্যাচারের ঘটনা জানতে পারেন। গত বুধবার সংশ্লিষ্ট নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তের পর শুক্রবার সংশ্লিষ্ট সংস্থার কর্ণধারকে গ্রেফতার করেছে পুলিশ।