
শেষ আপডেট: 22 January 2023 17:41
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় রাজনীতিতে ইদানীং গরুর ভূমিকা তাৎপর্যপূর্ণ। গোরক্ষা এবং গোহত্যার (cow slaughter) টানাপড়েনে বহু অবাঞ্ছিত ঘটনাও ঘটে যায় প্রায়ই। এবার আরও একধাপ এগিয়ে সেই গরু নিয়েই অদ্ভুত মন্তব্য করে বসলেন খোদ এক বিচারক! গুজরাতের আদালতের ওই বিচারকের দাবি, গোহত্যা বন্ধ হলেই নাকি পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যাবে।
তাপি জেলার দায়রা আদালতের বিচারক সমীর বিনোদচন্দ্র ব্যাসের এই মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় বয়ে গেছে সব মহলে। বিচারক অবশ্য এইটুকু বলেই থামেননি। তাঁর এই দাবির সপক্ষে একাধিক যুক্তিও দেন তিনি।
বেআইনি ভাবে গরু পাচার নিয়ে একটি মামলার শুনানিতে রায় দিতে গিয়ে বিচারক বলেন, গরু কেবল একটি প্রাণী নয়, সে হল মা। ৬৮ কোটি পবিত্র স্থান এবং ৩৩ কোটি দেবদেবীর জীবিত গ্রহ নাকি গরু। এখানেই না থেমে একটি সংস্কৃত শ্লোকও শোনান তিনি। সেই শ্লোকের অর্থ, যেখানে গরু আনন্দে থাকে সেখানে সমস্ত সুখ ও সম্পত্তি থাকে। যেখানে গরু দুঃখেকষ্টে থাকে, সেখানে সুখ-সম্পত্তিও উধাও হয়ে যায়।
তাঁর দাবি, গরু হল রুদ্রের মা, বসুদেবের কন্যা, অদিতিপুত্রদের বোন এবং অমৃতের সম্পদ। বিচারক এও বলেছেন, যদি পৃথিবী থেকে গরু অবলুপ্ত হয়ে যায় তবে ব্রহ্মাণ্ডেরই অস্তিত্ব থাকবে না। সেইসঙ্গে বলেন, গরুর গোবর বাড়ির দেওয়ালে লেপে দিলে তা পারমাণবিক বিকিরণ থেকে বাড়িকে রক্ষা করে। শুধু তাই নয়, বহু দুরারোগ্য রোগের উপশম নিয়মিত গোমূত্র সেবন করলে। এই তথ্য বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত বলেও দাবি করেন বিচারক।
এই সমস্ত কথা বলার পরে ওই মামলায় অভিযুক্তর আজীবন কারাদণ্ডও ঘোষণা করেন বিচারক। এবং সব শেষে 'গরু-প্রেমী' ওই বিচারক মতামত দেন, যেদিন গরুর এক ফোঁটা রক্তও মাটিতে পড়বে না, সেদিন পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এবং পৃথিবী ভাল থাকবে।
গুজরাত দাঙ্গা নিয়ে তৈরি ছবির লিঙ্ক এবার টুইট করলেন মহুয়া, ডেরেকের পোস্ট আগেই মুছেছিল টুইটার