
শেষ আপডেট: 7 March 2023 09:37
দ্য ওয়াল ব্যুরো: রং যেন মোর মর্মে লাগে! মর্মে লাগুক, তবে মসজিদে যেন না লাগে!
মঙ্গলবার দেশ জুড়ে পালিত হচ্ছে দোল উৎসব। রঙের উৎসবে (Holi) মাতোয়ারা মানুষজন। আর সেই উৎসবের রং যেন ছিটকে এসে না লাগে, তা নিশ্চিত করতে তারপলিন দিয়ে ঢেকে দেওয়া হল উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) একটি মসজিদ (Mosque Covered)।
উৎসবের আবহে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের নির্দেশেই রাত্রিবেলা আলিগড়ের হালওয়াইআন এলাকার আব্দুল করিম মসজিদ ঢেকে দেওয়া হল তারপলিন দিয়ে।
সূত্রের খবর, মসজিদটি যে এলাকায় অবস্থিত সেটি অত্যন্ত স্পর্শকাতর। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয় তা নিশ্চিত করতে গত কয়েক বছর ধরে একইভাবে হোলি উৎসবের আগে ঢেকে দেওয়া হয় মসজিদটি।
মসজিদের পরিচালন কমিটির সদস্য হাজী মহম্মদ ইকবাল জানিয়েছেন, যাতে কেউ ইচ্ছাকৃতভাবে মসজিদের গায়ে রং কিংবা নোংরা ছুড়তে না পারে তা নিশ্চিত করতেই প্রশাসনের নির্দেশে ঢেকে দেওয়া হয়েছে সেটিকে।
আকিল পালওয়ান নামে এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আসনে বসার পর থেকেই গত ছ-সাত বছর ধরে দোলের আগে ঢেকে দেওয়া হয় মসজিদটি। সঙ্গে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নজর রাখা হয়, যাতে কেউ ইচ্ছাকৃতভাবে সেখানে রং বা নোংরা না ছোড়ে।
অনুব্রতর সঙ্গে তিনমূর্তি! গল্প করলেন কেষ্ট, কচুরি খাইয়ে বিল মেটালেন তাঁরাই