
শেষ আপডেট: 11 September 2022 04:45
দ্য ওয়াল ব্যুরো: রাস্তার ধারে দোকানে দাঁড়িয়ে, লোহার খাঁচার মাঝখান দিয়ে হাত বাড়িয়ে মদ কেনার দিন শেষ হয়ে আসছে কলকাতাবাসীর (Kolkata)! আর কিছুদিন পর থেকে শপিং মলের (shopping mall) ঝাঁ চকচকে ঠান্ডা শো-রুমে ঢুকেই নিজের পছন্দ মাফিক ব্র্যান্ডের মদের (alcohol) বোতল কিনতে পারবেন সুরাপ্রেমীরা। শুধু কেনাই নয়, অন শপের মতো সেখানে বসে মদ্যপানের ব্যবস্থাও থাকবে। সঙ্গে মুখরোচক চাটের ব্যবস্থাও করা হচ্ছে। কলকাতায় এখনও কিছু শপিং মলে মদের আলাদা ডিপার্টমেন্টাল স্টোর আছে। তবে এবার একটা গোটা শপিংমলেই বিক্রি হবে বিভিন্ন দেশের বিভিন্ন ব্র্যান্ডের মদ।
নবান্ন সুত্রের জানা গেছে, শুধুমাত্র মদের শপিং মল করার জন্য ছাড়পত্র দিতে সম্প্রতি আবগারি বিধিতে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। করা হয়েছে গেজেট নোটিফিকেশনও। এই পরিবর্তন আসার ফলে শুধুমাত্র মদ বিক্রির জন্য একটি শপিং মল গড়ার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না পশ্চিমবঙ্গে। তবে মদ বিক্রির ক্ষেত্রে এখনও যে সমস্ত বিধিনিষেধ লাগু রয়েছে, তা শপিং মলেও বজায় থাকবে।
উল্লেখ্য, যদি এই ঘটনা সত্যি হয় তাহলে পূর্ব ভারতে প্রথম এই কলকাতাতেই হবে এমন কোনও শপিং মল, যার পুরোটা জুড়েই থাকবে ভিন্ন ভিন্ন মদের পসরা। জানা গিয়েছে, ইতিমধ্যেই মধ্য কলকাতার এজেসি বোস রোডের উপর মদের একটি এক্সক্লুসিভ শপিং মল খোলার তোড়জোড় শুরু করেছে এক বেসরকারি সংস্থা।
‘দিশি’ মদের ব্র্যান্ডিং, পুজোর মুখে নাম ও দাম পাল্টে যাচ্ছে ‘বাংলার’
আবগারি দফতরের আধিকারিকদের দাবি, 'দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতেও এরকম একটি মদের শপিং মল রয়েছে। সুরাপ্রেমীদের পাশাপাশি সেই মল দেখতে ভিড় জমান পর্যটকরাও। এবার কলকাতাতেও তৈরি হতে চলেছে ঠিক একইরকম ঝা চকচকে সুরা বাজার। যেখানে একই ছাদের তলায় মিলবে ভিন্ন দেশের ভিন্ন জাতের বিয়ার, হুইস্কি, ওয়াইন, ভদকা, রাম, জিন। একাধিক দোকান ঘুরে নিজের পছন্দমতো মদ কিনবেন গ্রাহকরা।'