
আলাপন বন্দ্যোপাধ্যায় ও মনোজ ভার্মা।
শেষ আপডেট: 11 July 2024 17:05
দ্য ওয়াল ব্যুরো: পরপর গণপিটুনির ঘটনা সামনে আসছে রাজ্যজুড়ে। এর মধ্যেই আড়িয়াদহর গণপিটুনির ঘটনার অভিযুক্তর একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে নাম জড়িয়েছে তৃণমূলের, অস্বস্তি বেড়েছে শাসক শিবিরের। এই ইস্যুতে আজ, বহস্পতিবার প্রথম মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেই মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় ও এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা আরও একটি সাংবাদিক বৈঠক করলেন আড়িয়াদহ নিয়ে।
এদিন মনোজ ভার্মাকে পাশে নিয়ে আলাপন বলেন, বেলঘড়িয়া থানার অন্তর্গত আড়িয়াদহের তালতলা ক্লাবের যে মারধর করার ভিডিও সামনে এসেছে, যা নিয়ে সমস্ত মহলে চর্চা হচ্ছে, তাই নিয়ে সরকারের তরফে কিছু কথা বলা প্রয়োজন। তাঁর ব্যাখ্যা, 'প্রথমত ঘটনাটি ২০২১ সালের মার্চে অর্থাৎ তিন বছর আগে ঘটেছে। দ্বিতীয়ত, ভিডিওয় যাঁকে মার খেতে দেখা যাচ্ছে, তিনি কোনও মহিলা নন, তিনি একজন পুরুষ। তৃতীয়ত, 'এই ঘটনায় যিনি মূল অভিযুক্ত, সেই জয়ন্ত সিং এর আগে অন্তত ৫ বার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন সেই ২০১৬ সাল থেকে। তিনি একজন পরিচিত গুন্ডা, বারংবার বিভিন্ন কেসে গ্রেফতার হয়েছেন।'
এর পরে আলাপন আরও বলেন, 'সাম্প্রতিক উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন আইনকানুন রক্ষার জন্য রাজ্য সরকার ও প্রশাসনকে সতর্ক করেছে। সেই সময়েই তিন বছরের পুরনো একটি ঘটনা নিয়ে, ঘটনায় নিগহীতের লিঙ্গ পরিচয় বিকৃত করে, যেভাবে অশান্তি করার চেষ্টা করা হয়েছে, তাতে রাজ্য সরকার উদ্বিগ্ন।
আলাপনের কথার সঙ্গে সামঞ্জস্য রেখেই মনোজ ভার্মা বলেন, 'আড়িয়াদহের এই মারধরের ভিডিও একবার নয়, বারবার এসেছে সামনে। তেমনি পুলিশও বারবারই পদক্ষেপ করেছে। এটাই প্রথম নয়। এলাকায় যাঁরা যখনই ঝামেলা বাঁধানোর চেষ্টা করেছে, পুলিশ জানতে পারামাত্র পদক্ষেপ করেছে। এই ঘটনায় প্রথম যে ভিডিও সামনে এসেছে, তাঁদের মধ্যে ৬ জনকেই গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।'
আড়িয়াদহের পরে বাঁকুড়ার সাম্প্রতিক গণপিটুনির ঘটনা নিয়েও মুখ খোলেন আলাপন। বাঁকুড়ার খাতরায় বিজেপির বুথ সেক্রেটারি বঙ্কুবিহারী মাহাতোকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। সেই অভিযোগের টুইটটি রিটুইট করে বাঁকুড়া জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, 'খাতরায় একটি ঘটনা নিয়ে ভুল তথ্য ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় খাতরা থানায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং ইতিমধ্যেই একই গ্রামের তিন জনকে গ্রেফতার করা হয়েছে। পরিচালিত তদন্তে জানা গেছে, যে অভিযুক্ত ব্যক্তি এবং নিহত ব্যক্তি মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। ঘটনার দিন সেই জমিতে একটি গাছ কাটাকে কেন্দ্র করে হাতাহাতি হয়, যা গড়ায় খুনে।'
Efforts are being made from certain quarters to spread misinformation over an incident at PS Khatra, Bankura. An FIR has been registered at Khatra PS and 3 persons of the same village have already been arrested over the incident. Investigation so far conducted reveals that there… https://t.co/IH9KXaheqD
— Bankura Police (@spbankura) July 11, 2024
আলাপনবাবুও এইদিন বলেন, 'একটি জমি বিতর্কের গায়ে অকারণে রাজনীতির রং লাগানো হচ্ছে। রাজ্য সরকার সেটাও পরিষ্কার করে ব্যাখ্যা করতে চায়।' তাঁর কথার সূত্র ধরে এডিজি বলেন, 'এটা ৯ তারিখের ঘটনা। জমি নিয়ে দুই পড়শির ঝামেলা ছিল। গাছ কাটা নিয়ে ঝামেলা হয়, এক জন মারা যান। সেদিনই অভিযোগ নিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়াচ্ছে।'