
শেষ আপডেট: 2 July 2023 13:41
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের রাজনীতিতে ফের পালাবদল। মহারাষ্ট্র সরকারের সঙ্গে হাত মেলালেন অজিত পাওয়ার! রবিবার এনসিপি দলের সদস্য অজিতের গতিবিধি থেকেই রাজনৈতিক মহলের জল্পনা তুঙ্গে উঠেছিল। বেলা গড়াতে না গড়াতেই মহারাষ্ট্রের বিজেপি-শিন্ডে সরকারের সঙ্গে জুড়ে গেলেন অজিত। শুধু তিনি একা নন, ৯ জন এনসিপি বিধায়কও শপথ নিলেন অজিতের সঙ্গে।
মারাঠা রাজনীতিতে এনসিপি খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল। সেই দলের অন্যতম সদস্য সুপ্রিমো শরদ পাওয়ারের ভাইপো অজিত। দলের মধ্যে থেকেও বেসুরো ছিলেন তিনি। রাজ্য রাজনীতিতে এই নিয়ে চর্চা কম হয়নি। কিন্তু জুন মাসের মাঝামাঝি সময়ে দলের সাংগঠনিক ক্ষেত্রে বড় বদল আনে এনসিপি।
সুপ্রিয়া সুলেকে এনসিপি-র কার্যকরী সভাপতি করেছেন সভাপতি শরদ পাওয়ার। কার্যকরী সভাপতি পদে বসিয়েছেন তাঁর অত্যন্ত বিশ্বস্ত প্রফুল প্যাটেলকেও। তারপর থেকেই অজিত যেন অন্যসুরে কথা বলতে শুরু করেছিলেন। যা প্রত্যাশিত ছিলই। সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরেই বিদ্রোহের সূচনা হয়ে যায় এনসিপি-র অন্দরে।
অজিতের বিরোধী দলনেতার পদ ছাড়ার ঘোষণার পর জোর জল্পনা শুরু হয় শরদের ভাইপো তাহলে কী চাইছেন? বিজেপি ও একনাথ শিন্ডের শিবিরে যোগ দেবেন নাকি তিনি? যদিও সেই জল্পনাতে আমল দিতে নারাজ ছিলেন শরদ পাওয়ার।
কিন্তু রবিবার মহারাষ্ট্রের রাজনীতিতে একের পর এক ঘটনা ঘটে। এনসিপির বেশ কয়েকজন বিধায়কের সঙ্গে নিজের বাড়িতেই বৈঠক করেন অজিত। তারপর সোজা চলে যান রাজ্যপালের কাছে। জল্পনা শুরু হয়, ফের ২০১৯ সালের পুনরাবৃত্তি হতে চলেছে মহারাষ্ট্রে। সেই জল্পনার মাঝেই রবিবার দুপুরেই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অজিত। সেই সঙ্গে এনসিপির ৮-৯ জন বিধায়ক যোগ দেন শিন্ডে শিবিরে। মন্ত্রিসভার সদস্যও হতে পারেন তাঁরা।
ভাইপোর এই দল 'বদল'-এর খবর সামনে আসতেই জরুরি বৈঠকে বসেছেন শরদ পাওয়ার। দলের কার্যকরী সভাপতি তথা শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে দেখা করতে যান বাবার সঙ্গে। সেই বৈঠকে যোগ দিয়েছেন প্রফুল্ল প্যাটেলও। যদি শেষ পর্যন্ত অজিত মহারাষ্ট্র সরকারের সঙ্গে হাত মেলান, তবে কীভাবে 'ড্যামেজ কন্ট্রোল' করা যায় সেটাই লক্ষ্য এখন পাওয়ার পরিবারের।
উল্লেখ্য, ২০১৯ সালেও অজিত তৎকালীন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশের শিবিরে যোগ দিয়েছিলেন। তিন দিনের জন্য উপমুখ্যমন্ত্রীও হয়েছিলেন অজিত। যদিও সেই জোট ভেঙে যায় অচিরেই। নিজের ঘরে ফিরে আসেন অজিত। এখন দেখার, এই শিবির বদলের বিষয় কোনদিকে বাঁক নেয়।
ভাসুর তৃণমূলে, ছোট ভাইয়ের স্ত্রী ধরেছেন বিজেপির ঝান্ডা, হাড্ডাহাড্ডি লড়াই এবার নদিয়ায়