
শেষ আপডেট: 10 June 2023 13:14
দ্য ওয়াল ব্যুরো: ওভালে অজিঙ্ক্যা রাহানের লড়াই দেশের ক্রিকেট প্রেমীদের মনে থাকবে। দল যখন চার উইকেট হারিয়ে ধুঁকছে, সেইসময় ক্রিজে এসে ৮৯ রানের লড়াকু ইনিংস। সেই কারণেই ওভালের ম্যাচে আশায় রয়েছে ভারতীয় দল।
ওই ম্যাচে রাহানেকে বারবার অস্ট্রেলীয় পেসারদের কাছে বাউন্সারে ঘায়েল হতে হয়েছে। কিন্তু তিনি লড়াই থেকে সরে আসেননি। রাহানের এই লড়াইয়ে তাঁর পাশে থাকার বার্তা দিয়ে এক আবেগঘন পোস্ট করেছেন তাঁর স্ত্রী রাধিকা ধোপাবকর।
ইন্সটাগ্রামে রাহানের চারটি ছবি পোস্ট করে স্ত্রী লিখেছেন, ‘ম্যাচের পরে আমি দেখেছি, তোমার আঙুল খুব ফুলে গিয়েছিল। ক্রমশ যন্ত্রণা বাড়ছিল। তবুও তুমি স্ক্র্যান করতে চাওনি। যাতে খেলা থেকে মনোনিবেশ সরে না যায়। তুমি নিজের ব্যাটিংয়েই মন দিয়েছিলে।’

রাধিকা এখানেই শেষ করেননি, আরও লিখেছেন, ‘একজন নিঃস্বার্থ ক্রিকেটার হিসেবে নিজের পরিচয় দিয়েছ তুমি। দলের প্রতি তোমার দায়িত্ব পালন করেছ। যন্ত্রণার কথা কাউকে বলোনি। যেভাবে ক্রিজে চোয়ালচাপা লড়াই করেছ এবং তোমার উপস্থিতির প্রমাণ দিয়েছ, তাতে আমরা সকলকে তোমাকে দেখে অনুপ্রাণিত হয়েছি। তোমার দলের প্রতি আনুগত্য ও টিম স্পিরিটের জন্য চিরকার গর্বিত থাকব। তোমায় ভীষণ ভালোবাসি আমি।’’
প্যাট কামিন্সের বলে রাহানের তর্জনীতে আঘাত লাগে। সেইসময় কিছু বোঝা যায়নি। প্রাথমিক চিকিৎসা হয়েছিল মাঠে, পরে আঙুল ফুলে গিয়েছিল। কিন্তু রাহানে কোনও কারণে পরীক্ষা করাননি, যদি আঙুলে চিড় ধরে, তা হলে তাঁর মনোবল ভেঙে যেতে পারে। তাই কষ্ট করে হলেও খেলেছেন।
রাহানে অবশ্য খেলা শেষে সেদিন বলেন, ‘এটা অবশ্যই যন্ত্রণার। তবে আমার বেশি সমস্যা হয়নি। আর এই চোটটা আমার ব্যাটিংয়ে খুব একটা সমস্যা করেছে বলে মনেও হয় না। যেভাবে ব্যাট করেছি তাতে আমি খুশি।’
সেইসময়ও বুঝতে দেননি তাঁর শরীরের ওপর দিয়ে কী যাচ্ছে!