
শেষ আপডেট: 9 June 2023 13:42
দ্য ওয়াল ব্যুরো: জাত চিরস্থায়ী, সেই আপ্তবাক্যকে ফের প্রমাণ করলেন অজিঙ্ক্যা রাহানে। টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে রাহানেকে দলে ফেরানো হয়েছিল। তিনি বহুদিন বাদে রোহিতদের টেস্ট সংসারে ফিরেই সফল হলেন।
যখন বাকি দল ব্যর্থ, সেইসময় শার্দূল ঠাকুরকে সঙ্গে করে রাহানে সিনিয়র ক্রিকেটার হিসেবে নিজের দক্ষতা তুলে ধরলেন। ১২৯ বলে ৮৯ রান করে রাহানে ফিরলেন মধ্যাহ্নভোজের বিরতির পরেই। প্যাট কামিন্সের বলে ক্যামেরণ গ্রিনের হাতে ক্যাচ দিয়েছেন।
রাহানের ইনিংসে রয়েছে ১১টি চার ও একটি ছক্কা। তাঁর ব্যাটিং দেখে উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়রা। টিভি কমেন্ট্রি করতে গিয়ে মহারাজ বলেন, ‘রাহানের আত্মবিশ্বাস দেখে বেশ ভাল লাগছে। আইপিএলে ওরকম দুরন্ত খেলার পরে অস্ট্রেলিয়ার বোলিংকে সামলে দিয়েছে, গ্রেট।’ শুধু মহারাজ নন, রবি শাস্ত্রী কিংবা গাভাসকারও জানিয়ে দিয়েছেন, রাহানের এই ম্যাচে সোনার প্রত্যাবর্তন ঘটেছে।
রাহানে টেস্টে নিজের পাঁচ হাজার রান পূর্ণ করলেন। কিন্তু তারপরেও যেভাবে তাঁর ও শার্দূলের ক্যাচ ও নো বল করে ভারতকে সুবিধে পাইয়ে দিয়েছেন অজিরা, সেটিও উল্লেখ করার মতোই।
রাহানেকে নিয়ে যতটা প্রশংসা হওয়া উচিত, তেমনি শার্দূল ঠাকুরকে নিয়েও দারুণ স্তুতি চলছে। শার্দূলের কাছে ওভালের ম্যাচ খুব লাকি গ্রাউন্ড। এর আগে দু’বার খেলেছেন, হাফসেঞ্চুরি করেছিলেন। এবারও আট নম্বরে নেমে তিনি নির্ভরতা দিলেন দলকে। উইকেটে টিকে থেকে লর্ড শার্দূলও ম্যাচ বাঁচাচ্ছেন ভারতের হয়ে। রাহানে আউট হতেও শার্দূল খেলছিলেন। তিনিও আউট হলেন ১০৯ বলে ৫১ রানের মাথায় গ্রিনের বলে। ভারতের ইনিংস শেষ হয়ে গিয়েছে ২৯৬ রানে। ভারতীয় দল ১৭৩ রানে পিছিয়ে রয়েছে প্রথম ইনিংসে।
ভারতের ব্যাটিং ইনিংসে রাহানে (৮৯) ছাড়াও বলার মতো সাফল্য শার্দূল (৫১) ও রবীন্দ্র জাদেজার (৪৮)। বাকিরা ডাহা ফেল। অস্ট্রেলিয়া বোলিং ইনিংসে সফল প্যাট কামিন্স। অধিনায়ক তিন উইকেট নিলেন ৮৩ রানে। বাকি বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, ক্যামেরণ গ্রিন ও স্কট বোল্যান্ড। স্পিনার লিয়ন নিয়েছেন এক উইকেট।