দ্য ওয়াল ব্যুরো: ভারতে দূষণের মাত্রা দিনদিন বাড়ছে। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু- এই নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। এবং এই রিপোর্টে চিন্তার কারণ রয়েছে যথেষ্টই।
হু "এয়ার পলিউশন অ্যান্ড চাইল্ড হেল্থ" শীর্ষক একটি প্রতিবেদনে বলছে ২০১৬ সালে ভারতে-বায়ু দূষণের কারণে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। সংবাদসংস্থা পিটিআই বলছে, এই প্রতিবেদনে ১৯৪টি দেশে শিশুদের স্বাস্থ্যের উপর বিষাক্ত বাতাসের প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। হু-এর রিপোর্ট অনুসারে, ২০১৬ সালে ভারতের পাঁচ বছরে কমপক্ষে এক লক্ষ শিশু মারা গিয়েছিল যাদের বয়স পাঁচ বছরের কম। বাইরের ও ঘরের ভিতরকার বায়ুদূষণের ফলে এই সব শিশুর নানারকম অসুস্থতা দেখা দেয়। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ভারতে ২০১৫ সালে বিষাক্ত বায়ুর কারণে মৃত শিশুদের মধ্যে মেয়েদের শতকরা হার বেশি ছিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রতিবেদনে বলা হয়, বায়ুদূষণে ভারতের পর রয়েছে নাইজেরিয়া। সেখানে ২০১৬ সালে বায়ুদূষণের কারণে ৯৮০০১ শিশুর মৃত্যু হয়। এরপর যথাক্রমে পাকিস্তান (৩৮২২২), কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র (৩২৬৪৭) এবং ইথিওপিয়া (২০৩৩০)। ১৯৪টি দেশের মধ্যে এই সমীক্ষায় দেখা গেছে ভারতে যেখানে বাইরের বায়ুদূষণের জন্য ৫ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি, সেখানে দ্বিতীয় স্থানে থাকা নাইজেরিয়ার শিশু মৃত্যুর সংখ্যা বাড়িয়েছে বাড়ির ভেতরের বায়ু দূষণ।
বাতাসে সূক্ষ্ম দূষণকারী কণাগুলি এত ছোট যে তারা অনায়াসে রক্তপ্রবাহে প্রবেশ করতে পারে এবং ফুসফুসের গভীরে ঢুকে যেতে পারে। বিষাক্ত এই কণা থেকে শিশুদের ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়া হতে পারে। গাড়ির ধোঁয়া থেকে যে দূষণ হয় তা আরও মারাত্মক। এই দূষণ থেকে লিউকেমিয়ার মতো অসুখও হতে পারে বলে গবেষকদের দাবি।
যে বয়সের শিশুরা বয়স্কদের তুলনায় দ্বিগুণ শ্বাস নেয় সেসময়েই বায়ু দূষণকারী ক্ষতিকর কণাগুলি শিশুদের ক্ষেত্রে মৃত্যুঘণ্টা বাজিয়ে দেয়। এই প্রতিবেদনটি বলছে যে যত দরিদ্র পরিবার থেকে আসছে তাকে তত বেশি এই মারণকণাগুলি আক্রমণ করছে। মূলত নিম্ন আয়ের সম্প্রদায়গুলিতে বসবাসকারী শিশুদের বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব বেশি ভোগ করতে হয়, বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আগামী প্রজন্মের কথা ভেবে তাই যুদ্ধকালীন ভাবে বায়ুদূষণ কমানো উদ্যোগ নেওয়াই একমাত্র পদক্ষেপ।