
শেষ আপডেট: 8 March 2023 14:20
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে পালিত হচ্ছে নারীদিবস (International Womens Day 2023)। প্রতিটি ক্ষেত্রেই আজ পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছেন। বিমানের চালকের আসনে রয়েছেন প্রচুর মহিলা পাইলট। শুধু তাই নয়, বিমানকর্মীদের মধ্যেও রয়েছে প্রচুর মহিলা। এয়ার ইন্ডিয়া (Air India) তাদের মহিলা কর্মীদের জন্য এই বিশেষ দিনকে আরও স্মরণীয় করে রাখার উদ্যোগ নিয়েছিল।
কী সেই উদ্যোগ?
গত ১ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ও এয়ার এশিয়ান ইন্ডিয়ার ৯০টি বিমান নির্বাচন করা হয়েছে। সেইসব বিমানের দায়িত্ব পুরোটাই দেওয়া হয়েছে মহিলাদের। অর্থাৎ পাইলট থেকে বিমানকর্মী সকলেই মহিলা।
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, ভারতরত্ন জেআরডি টাটার প্রথম বাণিজ্যিক উড়ানের ৯০তম বর্ষ উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ৯০টি বিমানের মধ্যে এয়ার ইন্ডিয়ার ৪০টি অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমান পরিচালনা করেছেন মহিলারাই। ৪০টি এয়ার এশিয়ান ইন্ডিয়া ও ১০টি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান দায়িত্বও দেওয়া হয়েছিল মহিলাদের কাঁধেই।
এয়ার ইন্ডিয়া আরও জানিয়েছে, তাদের মোট কর্মীদের ৪০ শতাংশই মহিলা। এছাড়াও ককপিট ক্রু-র ১৫ শতাংশই মহিলাদের দিয়ে পরিচালিত হচ্ছে। এয়ার ইন্ডিয়াতে ২০০ জন মহিলা পাইলট রয়েছেন। বাকি দুই উড়ান সংস্থার সঙ্গে আছে ৯৭ জন মহিলা পাইলট।