দ্য ওয়াল ব্যুরো : যাঁর নামে অভিযোগ তিনি রইলেন বহাল তবিয়তে। যাঁরা অভিযোগ করেছিলেন, তাঁদেরই চাকরি গেল। মধ্যপ্রদেশে অল ইন্ডিয়া রেডিওর নজন মহিলা কর্মী অ্যাসিস্ট্যান্ট স্টেশন ডিরেক্টর রত্নাকর ভারতীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন। কর্মচারীদের অভিযোগ শোনার জন্য এয়ার ইন্ডিয়ায় যে কমিটি আছে তারা এক বছর আগেই রত্নাকরকে দোষী সাব্যস্ত করেছিল। কিন্তু তিনি এখনও দিল্লিতে কর্মরত। কিন্তু যে ন’জন অভিযোগ করেছিলেন, চাকরি গিয়েছে সকলেরই।
ঠিক কবে তাঁরা অভিযোগ করেছিলেন জানা যায়নি। অল ইন্ডিয়া রেডিওর ডিরেক্টর জেনারেল ফৈয়াজ শাহরিয়ার বলেছেন, ওই অভিযোগ ওঠার পরেই রত্নাকর ভারতীকে বদলি করে দেওয়া হয়েছে। তাঁর ওপরে কড়া নজর রাখা হচ্ছে। রত্নাকরের বিরুদ্ধে অভিযোগ করার জন্যই যে মহিলারা চাকরি থেকে বরখাস্ত হয়েছেন, একথা ঠিক নয়।
মধ্যপ্রদেশ বাদে এআইআরের ধরমশালা, ওবরা, সাগর, রামপুর, কুরুক্ষেত্র ও দিল্লি কেন্দ্র থেকেও যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। এআইআরের কর্মচারী ইউনিয়নের বক্তব্য, প্রতিটি ক্ষেত্রেই অভিযোগকারিণীদের চাকরি ছেড়ে দিতে বলা হয়েছে। কিন্তু যাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি একটু আধটু ধমক খেয়েই রেহাই পেয়েছেন। ইউনিয়নের পক্ষ থেকে প্রসার ভারতীয় চিফ এক্সিকিউটিভ শশী শেখর ভেম্পতির কাছে দাবি জানানো হয়েছে, অভিযোগকারিণীদের চাকরিতে ফিরিয়ে নিতে হবে। অভিযুক্তদের বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা।