
শেষ আপডেট: 5 December 2023 15:45
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: এবছর পৌষমেলা হবে, এমনই জল্পনা শুরু হয়েছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে সোমবার বিশ্বভারতী কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, পৌষ মেলা এবছরও হবে না। এই ঘোষণার পরেই ফের ক্ষোভের মুখে পড়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। পৌষমেলা করতে হবে, এই দাবিতে মঙ্গলবার বিক্ষোভে নেমেছেন শান্তিনিকেতনের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।
বিশ্বভারতী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গেট ঠেলে ঢুকে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। বিক্ষোভকারীরা বলছেন, বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য থাকার সময় মেলা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু এখন তিনি নেই। তাহলে মেলা কেন হবে না। এখন মেলা করতেই হবে।
ব্যবসায়ীরা বলছেন, এবছর ছোট করে মেলা হবে বলে জানানো হয়েছিল। তাঁরা সেই আশ্বাস পেয়ে মেলার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছিলেন। কিন্তু আচমকা এখন মত বদল করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। কেন তাঁরা এই ঘোষণা মানবেন? তাঁদের দাবি, বসন্ত উৎসব, পৌষমেলা এখানকার সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। প্রয়োজনে তাঁরা গণঅবস্থান করবেন।
২০১৯ সালে শেষবার শান্তিনিকেতনে পৌষমেলার আয়োজন করা হয়েছিল। তারপরে আর ঐতিহ্যবাহী এই মেলা হয়নি। বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট ফের মেলা করার উদ্যোগ নিয়েছিল। কিন্তু আচমকা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে হাতে সময় কম থাকায় ও পরিকাঠামোগত সমস্যার কারণে এবছরও মেলা করা সম্ভব হচ্ছে না।