দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার সকালে হিন্দি সংবাদপত্র দৈনিক ভাস্কর ও উত্তরপ্রদেশের নিউজ চ্যানেল ভারত সমাচারের অফিসে তল্লাশি করে আয়কর দফতর। বিরোধীরা অভিযোগ করেন, ওই দু’টি সংবাদমাধ্যম মোদী সরকারের সমালোচনা করেছিল বলেই তাদের বিরুদ্ধে আয়কর দফতরকে কাজে লাগানো হয়েছে। সরকারের তরফে ওই অভিযোগ নিয়ে মুখ খোলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, সরকার আয়কর দফতরের কাজে হস্তক্ষেপ করে না।
সাংবাদিকদের অনুরাগ ঠাকুর বলেন, “সরকারি সংস্থাগুলি স্বাধীনভাবে নিজেদের কাজ করে। আমরা তাদের কাজকর্মে হস্তক্ষেপ করি না। কোনও বিষয়ে রিপোর্টিং করার আগে ভাল করে খবর নেওয়া উচিত।” আয়কর দফতর থেকে এদিনের তল্লাশি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।
দৈনিক ভাস্কর গ্রুপের এক সম্পাদক জানিয়েছেন, তাঁদের জয়পুর, আমেদাবাদ, ভোপাল ও ইন্দোরের অফিসে তল্লাশি করা হয়েছে। লখনউতে ভারত সমাচার চ্যানেলের অফিসে ও সম্পাদকের বাড়িতেও তল্লাশি করা হয়েছে।
এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু’টি টুইট করে লিখেছেন, এই ঘটনা গণতন্ত্রের উপর বিরাট আঘাত। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সত্যের কণ্ঠকে রুদ্ধ করতে চাইছে। সংবাদমাধ্যমের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, আপনারা শক্ত থাকুন। ঐক্যবদ্ধ ভাবেই আমরা এই স্বৈরাচারী শক্তিকে পরাস্ত করব।
তৃণমূলনেত্রীর বক্তব্য, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে নরেন্দ্র মোদী সরকারের ব্যর্থতা তুলে ধরার কারণেই আয়কর বিভাগকে লেলিয়ে দেওয়া হয়েছে।
কংগ্রেস নেতা জয়রাম রমেশও টুইট করে বলেন, “কোভিড মোকাবিলায় শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে মোদী সরকার। ভাস্কর সেই ব্যর্থতার কথা তাদের সংবাদপত্রে তুলে ধরেছিল। এখন তারই মূল্য দিচ্ছে তারা।” প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শৌরিকে উদ্ধৃত করে জয়রাম রমেশ লিখেছেন, “ভারতে এখন মোদীফায়েড এমার্জেন্সি চলছে।”
দৈনিক ভাস্কর গ্রুপ দেশের বৃহত্তম সংবাদপত্র গোষ্ঠীগুলির অন্যতম। গত এপ্রিল-মে মাসে যখন কোভিডের দ্বিতীয় ওয়েভ তুঙ্গে, তখন অক্সিজেন, ভ্যাকসিন ও হাসপাতালে বেডের অভাব নিয়ে অনেকগুলি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক ভাস্কর। রিপোর্টে বলা হয়েছিল, উত্তরপ্রদেশে গঙ্গায় ভেসে যাচ্ছে মৃতদেহ। সম্ভবত মৃতদের প্রিয়জনেরা দাহ করার খরচ জোগাড় করতে পারেননি। বিহার ও উত্তরপ্রদেশে অনেক জায়গায় গঙ্গার পাড়ে মৃতদেহ পুঁতে ফেলা হয়েছিল। এসম্পর্কেও ভাস্করে প্রতিবেদন প্রকাশিত হয়।
একমাস আগে আমেরিকার ‘নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকায় দৈনিক ভাস্করের সম্পাদক ওম গৌড়ের একটি নিবন্ধ প্রকাশিত হয়। তাতে মোদী সরকারের সমালোচনা করে বলা হয়েছিল, ‘গঙ্গা মৃতদেহগুলি ফিরিয়ে দিচ্ছে। নদী মিথ্যা কথা বলে না।’