
Justice Rajasekhar Mantha
শেষ আপডেট: 12 March 2024 18:08
দ্য ওয়াল ব্যুরো: টেটে প্রশ্ন ভুল নিয়ে নতুন করে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। ২০২২ সালের টেট পরীক্ষায় একাধিক প্রশ্ন ভুল ছিল বলে দাবি করা হয়েছে। এই নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন ৫০০ জন পরীক্ষার্থী। গোটা বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের জবাব তলব করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা।
২০২২ সালের টেটে প্রশ্ন ভুলের অভিযোগ আগেও উঠেছে। ২০২৩ সালে এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল চাকরিপ্রার্থীদের একাংশ। সেই সময়ে ৭টি প্রশ্ন ভুল ছিল বলে দাবি করা হয়েছিল। এবার ১৫টি প্রশ্ন নিয়েই 'প্রশ্ন' তোলা হয়েছে। হাইকোর্টে ৫০০ পরীক্ষার্থীর দাবি, ২০২২ সালের টেটে ১৫টি প্রশ্ন নিয়ে বিভ্রান্তি রয়েছে। ওই পরীক্ষার কয়েকটি প্রশ্ন ভুলও ছিল। বিচারপতি রাজাশেখর মান্থা পর্ষদের কাছ থেকে এই রিপোর্ট চেয়েছেন।
বারবার টেটের প্রশ্ন ভুল নিয়ে যে অভিযোগ উঠছে তাতে মোটেই সন্তুষ্ট নয় কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে মঙ্গলবার বিচারপতি মান্থা স্পষ্ট জানিয়েছেন, প্রশ্ন ভুল নিয়ে পর্ষদকে স্থায়ী সমাধান বের করতেই হবে। এই ধরনের ইস্যুতে কারা নম্বর পাওয়ার যোগ্য, কারা নন, সেই নীতি নির্ধারণ করতে হবে পর্ষদকেই। আর তাঁরা যদি সেটা না পারে তাহলে আদালত ব্যবস্থা নেবে, এমনটাই বলেছেন বিচারপতি। এই মামলার পরবর্তী শুনানি ২০ মার্চ।
শুধু ২০২২ সালের টেট নিয়েই এই অভিযোগ নয়। এর আগে ২০১৪ এবং ২০১৭ সালেও একই অভিযোগ উঠেছিল। ২০১৪ সালে ২০ লক্ষেরও বেশি প্রার্থী টেট দেন। ওই পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল ছিল, এই অভিযোগ জানিয়ে মামলা করেন ১৭৫ জন। পরে আরও কয়েক জন তাতে যোগ দেন। ২০১৮ সালে এ নিয়ে তদন্তের জন্য কমিটি তৈরির নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তবে সমস্যা সমাধান এতদিনেও হয়নি।