সপ্তমীর সকালে ভয়াবহ দুর্ঘটনা কলকাতায়, হুড়মুড়িয়ে বাড়ির ছাদ ভেঙে মৃত ১
দ্য ওয়াল ব্যুরো: একের পর এক বাড়ি ভেঙে দুর্ঘটনা ঘটেই চলেছে শহরে (Kolkata)। সপ্তমীর সকালে ফের কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা ঘটল। নারকেলডাঙা থানা এলাকায় ৩৫ নম্বর ক্যানাল ইস্ট রোডে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি বাড়ির ছাদের অংশ। ঘটনায় একজনের মৃত্যুর খবর
শেষ আপডেট: 12 October 2021 11:34
দ্য ওয়াল ব্যুরো: একের পর এক বাড়ি ভেঙে দুর্ঘটনা ঘটেই চলেছে শহরে (Kolkata)। সপ্তমীর সকালে ফের কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা ঘটল। নারকেলডাঙা থানা এলাকায় ৩৫ নম্বর ক্যানাল ইস্ট রোডে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি বাড়ির ছাদের অংশ। ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ক্যানাল ইস্ট রোডের ঘিঞ্জি এলাকায় বাড়ির ভেতরেই ছিল একটি পুরনো কারখানা। সেটির মেরামতির কাজ চলছিল। সেই কাজে নিযুক্ত ছিলেন চার নির্মাণকর্মী। আচমকাই কারখানার ছাদের একাংশ ধসে পড়ে। তাতেই আহত হন সকলে। ছাদের চাঙড় খসে পড়ে গুরুতর জখম হন আলাউদ্দিন গাজি নামে এক নির্মাণকর্মী। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
স্থানীয়রা বলছেন, ওই বাড়ি ও কারখানাটি বহু বছরের পুরনো। দীর্ঘসময় রক্ষণাবেক্ষণের কাজ হয়নি। ইদানীং কারখানার একটি অংশ মেরামতির কাজ চলছিল। সেখানেই দুর্ঘটনা ঘটে। আচমকা বিকট আওয়াজ পেয়ে ছুটে আসেন এলাকার লোকজন। দেখেন, পুরনো কারখানা লাগোয়া অংশটির ছাদ ভেঙে পড়ে চাপা পড়েছেন শ্রমিকরা। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মৃত্যু হয় একজনের।
এ শহরে প্রতি বছরই বর্ষাকালে ভেঙে পড়ে বেশ কিছু বিপজ্জনক বাড়ি বা বাড়ির অংশ। তাতে হতাহতের ঘটনাও ঘটে। কিছুদিন আগেই, উত্তর কলকাতার আহিরীটোলা স্ট্রিটের একটি জীর্ণ বাড়ি ভেঙে পড়ায় এক শিশু-সহ দু’জনের মৃত্যু হয়েছে। কলকাতা পুরসভা এলাকায় বর্তমানে এমন কয়েক হাজার বিপজ্জনক বাড়ি আছে যেগুলির মধ্যে বেশ কিছু বাড়ি যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে। চলতি মাসেই পুজো শুরুর আগে জোড়াসাঁকোয় বাড়ি ভেঙে মৃত্যু হয় দু ‘ জনের। জায়গাটি কলকাতা পুরসভার ৪১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। আচমকাই পুরনো তিনতলা বাড়িটির একাংশ ভেঙে পড়ে। মৃতরা ওই বাড়ির বাসিন্দা নন বলে জানা গিয়েছে। তারা লাগোয়া রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ভাঙা অংশ তাদের মাথায় পড়ে। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে দু'জনকে মৃত ঘোষণা করা হয়।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'