.webp)
শেষ আপডেট: 22 November 2023 22:47
দ্য ওয়াল ব্যুরো: গত অগস্টেই আমেরিকা থেকে চোখের চিকিৎসা করে ফিরেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ফের তাঁর চোখে সমস্যা তৈরি হয়েছে।
তৃণমূলের একটি সূত্রের দাবি, অভিষেকের চোখে রক্ত জমাট বেঁধে গিয়েছে। অতিরিক্ত সময় কনট্যাক্ট লেন্স পরে থাকার কারণেই সমস্যা জটিল হয়েছে বলে মনে করছেন তৃণমূলের একাংশ। দলের তরফে সরাসরি এ ব্যাপারে কারও প্রতিক্রিয়া মেলেনি। তবে তৃণমূলের দৈনিক মুখপত্রের সান্ধ্য সংস্করণে এই খবর প্রকাশিত হয়েছে। তারপর থেকেই কর্মী, সমর্থকদের মধ্যে নতুন করে ছড়িয়েছে উদ্বেগ।
সূত্রের খবর, এদিন বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে থাকাকালীনই অভিষেকের চোখের সমস্যার খবর পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মেলন শেষ করে তিনি অভিষেকের কাছে যান। চোখের সমস্যা নিয়ে কথাও হয় দু’জনের।
সম্প্রতি ১০০ দিনের বকেয়া টাকা আদায়ের দাবিতে এবং কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে অভিষেকের নেতৃত্বে দিল্লিতে দু'দিনের ধর্না কর্মসূচি হয়েছিল। দিল্লিতে সমস্যার সুরাহা না হওয়ায় সেখান থেকেই রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন অভিষেক। পুজোর মুখে টানা পাঁচদিন রাজভবনের সামনে ধর্নাতেও বসেছিলেন তিনি। পরে রাজ্যপালের আশ্বাসে ঘেরাও তুলে নেওয়া হলেও তখনই অভিষেক জানিয়েছিলেন, নেত্রীর নেতৃত্বে নভেম্বর থেকে ফের বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে।
আগামীকাল বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে এ ব্যাপারে তৃণমূলের বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী। ব্লক স্তর থেকে শুরু করে রাজ্য স্তরের নেতাদের ওই বৈঠকে উপস্থিত থাকার কথা। ওই বৈঠক থেকে লোকসভা ভোটের প্রচারের রণকৌশলও ঠিক করা হতে পারে বলে সূত্রের খবর।
২০১৬ সালের ১৯ অক্টোবর সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে একটি ট্রাকের সঙ্গে ভয়াবহ দুর্ঘটনা ঘটে অভিষেকের গাড়ির। তখনই বাম দিকের চোখের নিচে আঘাত পেয়েছিলেন তিনি, চোখের হাড়ও ভেঙে যায় ওই দুর্ঘটনায়।
২০২২ সালের অক্টোবর মাসে নিউইয়র্কে প্রায় ৭ ঘণ্টার অপারেশন হয়েছিল অভিষেকের চোখে। সেই চেক আপ করাতেই গত অগস্টে ফের নিউইয়র্ক পাড়ি দিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ।