
শেষ আপডেট: 21 January 2024 13:40
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: বড়জোড়ায় হাতির তাণ্ডবে মৃত্যু হয়েছে দু'জনের। এবার বাঁকুড়া ছেড়ে পশ্চিম মেদিনীপুরে পা রাখল প্রায় ২৫ টি হাতির একটি দল।
চার মাস আগে পশ্চিম মেদিনীপুর থেকে দফায় দফায় এই হাতির দল বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগ হয়ে বাঁকুড়া উত্তর বনবিভাগে প্রবেশ করে। উত্তর বনবিভাগের বড়জোড়া রেঞ্জ এলাকায় ছিল হাতির দলটি।
দীর্ঘ কয়েক মাস পরে হাতির দল ফের পশ্চিম মেদিনীপুরে ঢুকতে শুরু করল। শনিবার রাতেই বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগ হয়ে প্রায় ১০টি হাতির একটি দল বাঁকুড়া ছেড়ে পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করে।
রবিবার ভোরে আরও ১৫ হাতির একটি দল বাঁকুড়া ছেড়ে পশ্চিম মেদিনীপুরে ঢুকেছে। বাকি ৪০টি হাতি এই মুহূর্তে বাঁকুড়া উত্তর বনবিভাগের বড়জোড়া রেঞ্জ এলাকার জঙ্গলে রয়েছে। এই দলটিও ধীরে ধীরে বাঁকুড়া ছাড়বে বলে মনে করছে বাঁকুড়া জেলা বনবিভাগ।
গত কয়েক দিন ধরে ওই হাতির দলের দুটি হাতি বড়জোড়ায় ত্রাস ছড়ায়। গ্রামে ঢুকে তারা তাণ্ডব চালিয়েছিল। তাতে ঘুম উড়েছিল স্থানীয়দের। বুধবার এক বৃদ্ধ একটি হাতির সামনে পড়ে যান। তাঁকে শুঁড়ে তুলে মাটিতে আছাড় মারে হাতিটি। পরে বুকে পা তুলে দিয়ে পিষে মারে। একই ঘটনা ঘটে বৃহস্পতিবারও। এক যুবতী সকালে শৌচকর্ম করতে গিয়ে হাতির সামনে পড়ে যান। সেই সময় ওই যুবতীকেও শুঁড়ে তুলে আছাড় মারে হাতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবতীর।
পর পর দুদিন হাতির হামলায় দুজনের মৃত্যু হওয়ায় আতঙ্ক ছড়িয়েছিল বড়জোড়ায়। বনদফতরের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। ধীরে ধীরে হাতির দল পশ্চিম মেদিনীপুরের দিকে সরতে থাকার খবর পেয়ে স্বস্তি ফিরছে এলাকায়।