
শেষ আপডেট: 12 February 2024 14:13
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: শঙ্কর দলুইকে ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদ থেকে অপসারিত করেছে তৃণমূল। তাঁর জায়গায় ওই পদে রাধাকান্ত মাইতিকে বসিয়েছে। এই ঘোষণার পরেই পিংলায় দীপক অধিকারী ওরফে দেবের নামে শুরু হয়ে গেছে দেওয়াল লিখন।
লোভসভার দিনক্ষণ ঘোষণা হয়নি। কোনও রাজনৈতিক দলই তাঁদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। তবু সোমবার থেকে পিংলার ব্লকে ব্লকে তৃণমূল দেওয়াল লিখন শুরু করে দিয়েছে। সেখানে ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের নামে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে পিংলা ব্লক তৃণমূল। পিংলা ব্লকের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি প্রদীপ বেরার দাবি, ব্লক সভাপতির নির্দেশেই এলাকায় দেওয়াল লিখনের কাজ চলছে।
পিংলা ব্লকের বিজেপির নেতৃত্ব গোবিন্দ দাসের কথায়, "দুর্নীতির দিক থেকে মুখ ঘোরাতেই এভাবে প্রচার শুরু করেছে তৃণমূল। বিজেপি দেবকে সঠিক জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।"
কয়েকদিন ধরেই দেবের রাজনীতি ছাড়া নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। গত ৮ ফেব্রুয়ারি দেব সংসদে দাঁড়িয়েই ঘোষণা করে দেন, “সংসদে আজ আমার শেষ দিন। ধন্যবাদ দিদি, ধন্যবাদ ঘাটালবাসী।” সেখানেই তুলে ধরেন ঘাটাল মাস্টার প্ল্যানের কথা।
গত ১০ ফেব্রুয়ারি কিছুটা পট পরিবর্তন হয়। ওইদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তাঁর সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন দেব। তৃণমূল সূত্রে খবর, অভিষেক নিজে দেবের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। সেই বৈঠক হওয়ার পরেই দেবের রাজনৈতিক অবস্থান স্পষ্ট হয়ে যায়। তারপরেই রবিবার শঙ্কর দলুইকে ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদ থেকে অপসারিত করে তৃণমূল। আর সোমবারই দেব চলে এলেন দেওয়াল লিখনে।