.jpeg)
বিমান বসু।
শেষ আপডেট: 15 November 2024 23:55
দ্য ওয়াল ব্যুরো: হাসপাতাল থেকে ছুটি পেলেন বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসু। দলীয় সূত্রের খবর, বিমানবাবুর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শুক্রবার রাতে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বর্ষীয়ান বাম নেতাকে আপাতত কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
গত সোমবার রাতে ৮৪ বছর বয়সি বাম নেতার শ্বাসকষ্টের সমস্যা শুরু হওয়ায় বেশি দেরি না করেই তাঁকে হাসপাতালে ভর্তি করেছিলেন দলীয় কর্মীরা। সোমবার রাতে মুজফফর আহমেদ ভবন থেকেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সূত্রের খবর, প্রবল জ্বর, সর্দি-কাশি নিয়ে বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। তার সঙ্গে ছিল শ্বাসকষ্টের সমস্যাও। তবে বিমানবাবু হাসপাতালে যেতে রাজি ছিলেন না। কিন্তু সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিমরা তাঁর আপত্তি শোনেননি। ফলে শেষমেশ হাসপাতালে যেতে হয়েছিল বাম নেতাকে।
দলীয় সূত্রের খবর, বুদ্ধদেব ভট্টাচার্য এবং সীতারাম ইয়েচুরির মৃত্যুর পর থেকেই মন ভাল নেই বিমানবাবুর। বয়সজনিত কারণ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে বেশ কিছুদিন ধরে তিনি শারীরিকভাবেও ভুগছিলেন। এসবের মধ্যেই পার্টির কাজকর্মও করছিলেন তিনি।
সম্প্রতি দলীয় কাজে তিনি দক্ষিণ দিনাজপুর এবং মালদহে গিয়েছিলেন। সূত্রের খবর, সেখান থেকে ফেরার পরেই শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে গিয়েছিল। তবে হাসপাতালে ভর্তির পরের দিন থেকেই তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। এদিন রাতে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নিজের আস্তানা মুজফফর আহমেদ ভবনে ফিরেছেন তিনি। স্বভাবতই উদ্বেগমুক্ত পার্টি কর্মীরা।