
শেষ আপডেট: 13 April 2023 12:08
দ্য ওয়াল ব্যুরো: সারস (crane) এবং তার মানুষ বন্ধু আরিফের (Arif Gurjar) বন্ধুত্বের কাহিনি ইতিমধ্যেই জেনে গেছেন সকলেই। দীর্ঘ বিচ্ছেদের পর অবশেষে মঙ্গলবার দেখা হয় আরিফ এবং সেই সারসের। বন্ধুকে দেখে আনন্দে ডানা ঝাপটে উচ্ছ্বাস প্রকাশ করে পাখিটি।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই আরিফের সঙ্গে তাঁর বন্ধুকে মিলিয়ে দেওয়ার দাবি তুলেছেন বরুণ গান্ধী থেকে সাধারণ নেটিজেন সকলেই। তবে, আরিফ হয়তো বুঝতে পারছেন যে বন্যপ্রাণী সংরক্ষণের আইনের মারপ্যাঁচে আর কাছে পাওয়া হবে না তাঁর সারস বন্ধুকে। সেই কারণেই কানপুর চিড়িয়াখানায় ১৫ দিনের কোয়ারান্টাইন পর্ব শেষ হলে যেন পাখিটিকে ছেড়ে আসা হয় কোনও পাখিরালয়ে (sanctuary) এমনই দাবি আরিফের।
মঙ্গলবার খাঁচায় নিজের বন্ধুকে বন্দি অবস্থায় দেখে যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন আরিফ গুর্জর। এরপরেই সংবাদমাধ্যমে সারসটিকে খাঁচায় বন্দি করে রাখা নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। তাঁর স্পষ্ট জিজ্ঞাসা, 'খাঁচায় কি কেউ কখনও ভাল থাকতে পারে?' প্রসঙ্গত, উত্তরপ্রদেশের জাতীয় পাখি সারস, এই কথা মনে করিয়ে আরিফ বিরোধিতা করেন সারসটিকে খাঁচায় রাখার।
পাশাপাশি, সারসটিকে নিজের বাড়িতে রাখার প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেন আরিফ। বাড়ির বাইরে পাশের জঙ্গলের মধ্যেই থাকতো সারসটি। খিদে পেলে বাড়ির দরজায় এসে দাঁড়াত সে। তখনই তাকে খেতে দেওয়া হতো। এমনটাই জানালেন আরিফ। বন্ধুত্বের টানে মাঝেমধ্যে দেখা করতেও আসত সে। দুই বন্ধুতে একসঙ্গে বাইকে চড়ে বেড়াতেও বেরোতেন। ফিরে আবার সে চলে যেত তাঁর জঙ্গলের আস্তানায়। সুতরাং বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের যে অভিযোগ ছিল তা আদতে ভিত্তিহীন এমনটাই বার্তা দিতে চাইলেন আরিফ।
প্রসঙ্গত, ইতিমধ্যেই আরিফের মঙ্গলবারের ভিডিও দেখে তাঁর পক্ষেই সুর চড়িয়েছেন নেটিজেনরা। আইন কখনওই একটি অবলা প্রাণীর ভাল থাকার চেয়ে বড় হতে পারে না এমনই মত অনেকেরই। পাশাপাশি, বিজেপি সাংসদ বরুণ গান্ধীও আরিফ এবং তাঁর সারস বন্ধুকে একসঙ্গে থাকতে দেওয়ার সপক্ষেই সওয়াল করেছেন।
‘আবার দেখা যদি হল সখা’… ফের মুখোমুখি সারস আর তার মানুষ বন্ধু, আবেগপ্রবণ দুজনেই