
শেষ আপডেট: 10 December 2023 15:28
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: দু'বার অপারেশনের পরে নাড়ি ভুড়ি পচে গিয়ে প্রাণ যেতে বসেছে মেয়ের। তাকে সুস্থ অবস্থায় ফিরে পেতে মন্ত্রীর পায়ে ধরে কাতর আবেদন জানালেন রোগীর আত্মীয়রা। তাঁদের অভিযোগ, ডাক্তারদের ভুল চিকিৎসার জন্যই এমন অবস্থা হয়েছে মেয়ের। সাতসকালে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এই দৃশ্য দেখা গেল।
এদিন হাসপাতালে একটি বিশেষ কাজে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। সেই সময় তাঁকে দেখতে পেয়ে ছুটে আসেন এক রোগীর পরিবারের আত্মীয়রা। হাসপাতালে চিকিৎসা নিয়ে ক্ষোভ উগরে দেন। মেয়েকে বাঁচাতে মন্ত্রীর পা ধরে কান্নায় লুটিয়ে পড়েন তাঁরা। ডাক্তারবাবুরা যাতে তাঁদের মেয়ের সঠিক চিকিৎসা করে সুস্থ করে তোলেন এই আবেদন করেন মন্ত্রীর কাছে।
অপারেশনের পরেই পেটে পচন! মন্ত্রী পা ধরে মেয়েকে সুস্থ করার আর্তি রোগী পরিবারের#Medinipur #minster #westbengalnews #Hospitals pic.twitter.com/kGBXBJQ6bX
— The Wall (@TheWallTweets) December 10, 2023
রোগীর পরিবারের এমন কাতর অনুনয় শান্ত মনে শোনেন বীরবাহা। তাঁদের মেয়ের যাতে সুচিকিৎসা হয় সেবিষয়েও আস্বস্ত করেন। বলেন, বিষয়টি নিয়ে তিনি ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন। মেয়েকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন ডাক্তারবাবুরা।
রোগীর আত্মীয়দের দাবি, অ্যাপেনডিক্স অপারেশনের জন্য মেয়েকে তাঁরা হাসপাতালে ভর্তি করিয়েছিলেন। ডাক্তারবাবুরা দু'বার অপারেশন করেছেন। তার পরেই মেয়ে আরও অসুস্থ হয়ে পড়ে। এখন ডাক্তারবাবুরা বলছেন, মেয়েকে বাঁচানো সম্ভব নয়। কারণ নাড়ি-ভুড়িতে পচন ধরে গিয়েছে। কীভাবে অপারেশনের পর মেয়ের নাড়ি-ভুড়িতে পচন ধরে গেল তাই নিয়ে তাঁরা ধোঁয়াশায় রয়েছেন। তাঁদের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই এই কাণ্ড ঘটেছে। মন্ত্রীর কাছে শুধু আর্তি নয়, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের আউটপোস্টেও তাঁরা একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।