.webp)
শেষ আপডেট: 4 February 2024 12:51
দ্য ওয়াল ব্যুরো: জমি বিবাদ থামাতে গিয়ে গত বৃহস্পতিবার নদিয়ার ভীমপুরে আক্রান্ত হয়েছিল পুলিশ। দু'জন পুলিশ কর্মীকে গাছে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছিল একাংশ গ্রামবাসীর বিরুদ্ধে। ওই ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে ফের পুলিশের ওপর হামলার ঘটনা ঘটল। এবার ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের ময়না।
ময়নার বাকচায় নাইট পেট্রোলিংয়ে বেরিয়ে ছিল পুলিশের টহলদারি টিম। অভিযোগ, আচমকা একদল দুষ্কৃতী পেট্রোলিং গাড়িতে হামলা চালায়। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে বাঁশ, ইট-পাটকেল ছোড়া হয়েছে। এমনকী ডাবের খোল ছুড়েও মারা হয় বলে অভিযোগ। ভেঙে যায় পুলিশের গাড়ির পিছনের দিকের কাচ। ঘটনায় জখম হয়েছেন এক পুলিশ অফিসার-সহ চারজন পুলিশকর্মী।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বিশাল বাহিনী। উদ্ধার করে নিয়ে আসা হয় আহত পুলিশ কর্মীদের। কারা, কী কারণে হামলা চালাল তা এখনও স্পষ্ট নয়।
জেলা পুলিশের এক কর্তা বলেন, "এভাবে হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা বরদাস্ত করা হবে না। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। শীঘ্রই অপরাধীরা ধরা পড়বে।"
ঘটনাকে ঘিরে পুলিশের অভ্যন্তরেও ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। রাতের বেলা প্রতিটি থানা এলাকার পুলিশ কর্মীদের পেট্রোলিংয়ে বেরোতে হয়। অন্ধকার থেকে এভাবে হামলা চালানো হলে, কীভাবে ঘটনার মোকাবিলা করবেন তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে পুলিশের নীচুতলায়।