
ফাইল ছবি।
শেষ আপডেট: 15 February 2025 08:57
দ্য ওয়াল ব্যুরো: শনি ও রবিবার হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন বাতিলের কথা আগেই জানিয়েছে রেল। এবার সপ্তাহান্তে শিয়ালদহ মেইন ও বনগাঁ শাখাতেও একাধিক ট্রেন বাতিল করল রেল।
রেল সূত্রের খবর, শনিবার রাত থেকে আগামীকাল রবিবার ভোর পর্যন্ত সংশ্লিষ্ট দুটি শাখার বিভিন্ন অংশে রেলের জরুরি কাজের জন্য বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে। যে কারণে তিনটি রুটে ৩৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
রেলের তরফে জানানো হয়েছে, শনিবার রাত ১০টা ৪৫ মিনিট থেকে রবিবার সকাল পৌনে ৯টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে গোবরডাঙা স্টেশনে। একইভাবে রবিবার সকাল সওয়া ১০টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত কৃষ্ণনগর-লালগোলা সেকশনে কোনও ট্রেন চলাচল করবে না। শনিবার রাত ১০টা থেকে রবিবার ভোর ৫টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে হালিশহর-নৈহাটি স্টেশনের মাঝে। ফলে ওই সময় ওই রুটেও কোনও ট্রেন চলাচল করবে না।
তিনটি রুটে ৩৮টি ট্রেন বাতিলের পাশাপাশি একাধিক ট্রেনের সূচিও বদল করা হয়েছে বলে জানিয়েছে রেল। ফলে সপ্তাহান্তে আবার দুর্ভোগের আশঙ্কায় যাত্রীরা।
অন্যদিকেশনিবার হাওড়া থেকে তারকেশ্বর গামী দুটি লোকাল (৩৭৩৪৯, ৩৭৩৫১) বাতিল করা হয়েছে। একইভাবে রবিবার তারকেশ্বর-হাওড়া গামী আটটি লোকাল, তারকেশ্বর-শেওড়াফুলি গামী ২টি লোকাল বাতিল করা হয়েছে।
এছাড়াও রবিবার বাতিল থাকবে গোঘাট-হাওড়া, গোঘাট-তারকেশ্বর, আরামবাগ-হাওড়া, হরিপাল-হাওড়া লোকাল ট্রেন। একইভাবে সংশ্লিষ্ট রুটে একাধিক আপ ট্রেনও বাতিল থাকবে। এছাড়াও হাওড়া ডিভিশনের দিয়ারা-নাসিবপুর ও নাসিবপুর-সিঙ্গুর স্টেশনের মধ্যে সেতু সংস্কারের জন্য কয়েকটি ট্রেন বন্ধ থাকবে।