
শেষ আপডেট: 5 November 2023 17:24
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: ২০ বছর আগেই প্রেমের সম্পর্ক ইতি পড়ে গিয়েছিল। কিন্তু সেই রাগ মনে চেপে রেখেছিল প্রেমিক। পরে সেই প্রাক্তন প্রেমিকাকে লজে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পরে পালিয়ে গেল প্রেমিক। এমনই ঘটনা ঘটেছে নদিয়ার মাজদিয়ায়। ঘটনাটি প্রকাশ্যে আসায় তাজ্জব হয়ে গিয়েছেন অনেকেই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলাকে উদ্ধার করে কৃষ্ণনগর হাসপাতালে পাঠানো হয়েছে। মহিলার বাড়ির শিলিগুড়ির ধূপগুড়ি থানা এলাকায়। নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা রঞ্জিত সরকারের সঙ্গে ২০ বছর আগে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। পরে মহিলার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যাওয়ায় সম্পর্কে ছেদ পড়ে। প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়াতে রঞ্জিতও অন্যত্র বিয়ে করে নেন। এরপর আর দুজনের মধ্যে যোগাযোগ ছিল না।
কয়েকদিন আগে প্রাক্তন প্রেমিকার সঙ্গে রঞ্জিতের ফের যোগাযোগ হয়। তাঁরা দুজনের ঠিক করেন দেখা করবেন। তাই মাজদিয়া শিবনিবাস মন্দিরে দুজনে মিলে বেড়াতে যান। মন্দিরের পাশেই লজে ঘর ভাড়া নেন তাঁরা। শুক্রবার রাতে মদ্যপান করে রঞ্জিত।
মহিলার অভিযোগ, মদ্যপ অবস্থায় তাঁকে আচমকাই মারধর শুরু করে রঞ্জিত। ওই মহিলাকে ছুরি মেরে খুন করার চেষ্টা করে। মহিলা বেহুঁশ হয়ে পড়লে রঞ্জিত সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। পরে লজের কর্মীরা রক্তাক্ত অবস্থায় মহিলাকে পড়ে থাকতে দেখে পুলিশ ডাকেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গুরুতর আহত অবস্থায় কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে ওই মহিলার জ্ঞান ফিরলে তিনি জানান, তাঁর বাড়ি শিলিগুড়িতে। বাড়িতে তাঁর স্বামী, মেয়ে-জামাই রয়েছেন। ২০ বছর আগে ভালোবাসা ছিল রঞ্জিতের সঙ্গে। সেই পরিচিতির সুযোগেই মহিলাকে রঞ্জিত এখানে ডেকে আনে। তবে তিনি ঘুণাক্ষরেও টের পাননি যে এত বছর আগেকার প্রত্যাখ্যানের আক্রাশ প্রাক্তন প্রেমিক মনে পুষে রাখবে আর এমন ঘটনা ঘটাবেন। পুলিশ ইতিমধ্যে অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে।