
শেষ আপডেট: 31 March 2022 10:02
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষার পর এবার বাতিল হতে চলেছে বিতর্কিত সেনা আইন বা আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট (AFSPA)। অসম, নাগাল্যান্ড ও মণিপুর থেকে এই আইন প্রত্যাহারের কথা ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বৃহস্পতিবার দুপুরে টুইট করে এই সুখবর শোনালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি টুইট করে এই পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন যে, এই সিদ্ধান্তের ফলে বিদ্রোহের অবসান ঘটবে আর উত্তর-পূর্ব ভারতে স্থায়ী শান্তি ফিরবে।
উল্লেখ্য, আফস্পা বা আর্মড ফোর্সেস (স্পেশ্যাল পাওয়ার) অ্যাক্ট-১৯৫৮-এ সেনা বাহিনীকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। ওই আইনের ক্ষমতা বলে সেনারা উপদ্রুত হিসাবে ঘোষিত এলাকায় দেশের নাগরিকদের বিরুদ্ধে সরকারের অনুমতি ছাড়াই অভিযান চালাতে পারবে দেশবিরোধী তৎপরতা, জঙ্গি নাশকতা ইত্যাদি আটকাতে।
তবে অভিযোগ, এই ক্ষমতাবলে সেনাদের অত্যাচারের মুখে পড়তে হয় নাগরিকদের। যার ফল, মন জেলার ১৪ জন নাগরিকের মৃত্যু। এই আইন প্রত্যাহারের দাবিতে বরাবরই সোচ্চার হয়েছেন নাগাল্যান্ডের আমজনতা। এমনকি এই আইন প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন অসম ও মণিপুরের মানুষেরাও। অবশেষে সেই দাবি পূরণের পথে।
জিনিসপত্রের দাম নিয়ে মোদীর বিরুদ্ধে একযোগে সরব সনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা