
শেষ আপডেট: 22 August 2023 08:57
দ্য ওয়াল ব্যুরো: আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের (AFC Cup) ম্যাচে মোহনবাগান খেলতে নামবে বাংলাদেশের আবাহনীর বিরুদ্ধে (Mohun Bagan vs Bangladesh Abahani)। এই ম্যাচ ঘিরে একটা উন্মাদনা তৈরি হয়েছে সবুজ মেরুন সমর্থকদের মধ্যে।
গত ম্যাচে মোহনবাগান মাচিন্দা এফসিকে ৩-১ গোলে হারিয়েছে। স্বাভাবিকভাবেই আজকের ম্যাচ ঘিরে একটা আগ্রহ তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে।
মোহনবাগান অবশ্য কলকাতা লিগের গত ম্যাচে সাদার্ন সমিতির কাছে হেরেছে। যার ফলে সবুজ মেরুন সমর্থকদের একটা আশা থাকবে তাঁদের প্রিয় দল যাতে ঘুরে দাঁড়াতে পারে এই বিদেশি দলের বিরুদ্ধে।
সেই কারণে অনেকেই হয়তো আজ যুবভারতীমুখী হবেন। পাশাপাশি এটাও বলা যেতে পারে অনেকে টিভিতে খেলা দেখতে চাইবেন আজ। কিন্তু দুর্ভাগ্যবশত এই ম্যাচ টিভিতে দেখানো হবে না।
সেটি কীভাবে দেখানো হবে সেই নিয়ে আলোচনা চলছে ময়দানে। এই ম্যাচটি মোহনবাগানের ফেসবুক পেজ থেকে লাইভ স্ট্রিম করা হবে। তার জন্য পেজটি সাবস্ক্রাইব করতে হবে ১৬৯ টাকা দিয়ে। ওই টাকা খরচ করলেই খেলাটি সরাসরি দেখা যাবে।
এমনিতে আবাহনীর বিরুদ্ধে খেলতে নামার আগে একটা বিতর্ক তৈরি হয়েছে। কারণ আবাহনী এই ম্যাচে ভাড়া করা বিদেশি ফুটবলারদের নিয়ে এসে মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামবে। তাদের মাত্র ১০ দিন আগে নাম রেজিস্ট্রেশন করানো হয়েছে। সেই নিয়ে এফসির কাছে মোহনবাগান চিঠি লিখেছে, যাতে ওই ফুটবলারগুলোকে অবৈধ ঘোষণা করা হয়।
আজ মোহনবাগান যদি কোনওভাবে হারে তাহলে কিন্তু সেই বিতর্ক আবার নতুন ভাবে দেখা দেবে। সেইসময় এএফসি কী সিদ্ধান্ত নেয়, তারউপরও অনেক কিছু নির্ভর করছে।
মোহনবাগানের আজকের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটা থেকে। স্টেডিয়াম থেকে ফেরার জন্য বাসের ব্যবস্থা রাখা হয়েছে।
আরও পড়ুন: ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় জয়, ১০ জনের দল নিয়েও বাজিমাত আর্সেনালের