
শেষ আপডেট: 3 June 2023 09:16
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় রেলের ইতিহাসে এমন দুর্ঘটনা বিরল। যেখানে দুর্ঘটনার কবলে পড়েছে একসঙ্গে তিনটি ট্রেন। দু’টি এক্সপ্রেস এবং একটি মালগাড়ি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে শালিমার থেকে ছেড়ে যাওয়া করমণ্ডল এক্সপ্রেস। বালেশ্বরে শুক্রবার সন্ধ্যায় সেই ঘটনার পর থেকেই উদ্ধারকাজ শুরু হয়েছে। শনিবার দুপুরের পরেও যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজ চালাচ্ছে এনডিআরএফ, সেনাবাহিনী ও ওড়িশার বিপর্যয় মোকাবিলা দল। সংবাদসংস্থা এএনআই সেই উদ্ধারকাজই আকাশ থেকে ক্যামেরায় ধরেছে।
ড্রোন শটে দেখা যাচ্ছে, বীভৎস দুর্ঘটনার ছবি। করমণ্ডলের কোনও কামরার পেট ফুঁড়ে ঢুকে গিয়েছে মালগাড়ির বগি, কোনও কামরার ছাদে উঠে গিয়েছে ইঞ্জিনের নীচের অংশ, উপড়ে গিয়েছে রেললাইন, হামসফর এক্সপ্রেসের কামরা উঠে গিয়েছে করমণ্ডলের ছাদে।
দুপুর আড়াইটে পর্যন্ত খবর মৃত্যু সংখ্যা ২৮০ পার করে গিয়েছে। তা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। কারণ এখনও বেশ কিছু বগির ভিতরের অংশে উদ্ধারকারীরা পৌঁছতেই পারেনি। ফলে কোন খাঁজে দেহ আটকে আছে তা বোঝা মুশকিল। আহতের সংখ্যা সাড়ে ছশোর বেশি। সব মিলিয়ে বালেশ্বর যেন বিভীষিকার জায়গায় পৌঁছে গিয়েছে।
মমতা রেলের সমালোচনা করলেন রেলমন্ত্রীকে পাশে নিয়ে, বললেন, বড় তদন্ত প্রয়োজন