
মমতা বন্দ্যোপাধ্যায় ও অধীর চৌধুরী।
শেষ আপডেট: 3 April 2025 17:07
দ্য ওয়াল ব্যুরো: ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় (26,000 Job Cancellation Case) বাম-বিজেপির সুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করলেন বহরমপুরের কংগ্রেস নেতা অধীর চৌধুরী (AdhirRanjan Chowdhury)।
অধীরের অভিযোগ, "মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলা পচা গলা প্রশাসনিক ব্যবস্থার শিকার! সেকারণেই স্কুলে টিচার নেই, ড্রপারদের সংখ্যা বেড়ে যাচ্ছে। ভেঙে পড়েছে সরকারি শিক্ষা ব্যবস্থা, সেই সূত্রে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইচ্ছেমতো সুযোগ নিচ্ছে, মানুষের থেকে বাড়তি টাকা নিচ্ছে।"
একই সঙ্গে এ প্রসঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে অধীর বলেন, "আপনার মতো অযোগ্য আর কে আছে ? আপনি যদি অযোগ্য থেকে যোগ্য হতে পারেন, মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারেন, তাহলে এই অযোগ্যরা কেন যোগ্য হতে পারবে না?"
প্রসঙ্গত, ২০১৬ এসএসসি-র শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রেখে পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে সুপ্রিমকোর্ট। বৃহস্পতিবার সকালে আদালতের রায় সামনে আসতেই হাহাকার নেমে এসেছে চাকরিহারা ২৫ হাজার ৭৫৩ জন এবং তাঁদের পরিবারের মধ্যে (পরিবার ধরে সংখ্যাটা প্রায় ১ লাখ)। এরপরই বাম, বিজেপি, কংগ্রেস-সহ বিরোধীরা একযোগে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুরু করেছেন।