
শেষ আপডেট: 21 April 2024 17:19
দ্য ওয়াল ব্যুরো: চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলায় একাই লড়বে তৃণমূল কংগ্রেস। জোটসঙ্গীদের দিকে তাকিয়ে বসে থাকবে না বাংলার শাসক দল। গত জানুয়ারি মাসেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর গড়িয়েছে অনেক জল। বাম-কংগ্রেস আসন সমঝোতায় প্রার্থী ঘোষণা করেছে। ইতিমধ্যেই লোকসভার প্রথম দফার ভোট পর্বও সম্পন্ন হয়েছে। আর দ্বিতীয় দফার ভোটের চার দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়া জোট থেকে সরে আসা নিয়ে প্রশ্ন তুলল বাম-কংগ্রেস জোট।
রবিবাসরীয় দুপুরে যৌথভাবে বাম-কংগ্রেস সাংবাদিক বৈঠক করেন। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী পাশাপাশি বসে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই তৃণমূল সুপ্রিমোর ইন্ডিয়া জোটে না থাকা নিয়ে তীব্র আক্রমণ করেন অধীর চৌধুরী। তাঁর মতে, "কী এমন বাধ্যবাধকতা তৈরি হল, কেন ভয় পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়?" মমতাকে আক্রমণ করে তিনি বলেন, "ইন্ডিয়া জোটের নামটা উনি ঠিক করেছিলেন ৷ অথচ যখন সময় এল জোটে থাকার তখন পিছিয়ে গেলেন তিনি ৷"
বাংলায় ইন্ডিয়া জোট ছাড়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল, জোটে তিনি তেমন সাড়া পাননি। তাঁর কথাকে ধর্তব্যের মধ্যে রাখা হচ্ছে না বলে বার বার অভিযোগ করছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই রাজ্য়ে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই বলে সরাসরি জানিয়ে দিয়েছিলেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী। এদিকে অধীর চৌধুরীর মতে, এই রাজ্যে তাঁর সঙ্গে মমতার আগেও মতের অমিল ছিল। আগেও তাঁদের মধ্যে রাজনৈতিক বিরোধিতা ছিল। কিন্তু বাংলায় ইন্ডিয়া জোট ভাঙার ক্ষেত্রে যদি তিনিই ফ্যাক্টর হই, তাহলে জোট হওয়ার সময়েই এই বিষয়ে মমতা বললেন না কেন, সেই প্রশ্ন তোলেন অধীর চৌধুরী।
একইসঙ্গে তৃণমূলের সঙ্গে বিজেপির আঁতাত আছে বলেও কটাক্ষ করেছেন অধীরবাবু। ডায়মন্ডহারবারে তৃণমূল-বিজেপি আসন সমঝোতা করেছে বলেও অভিযোগ করেছেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। তাঁর মতে, "দিদি মোদীর কাছে আত্মসমর্পণ করেছে।" শুধু তাই নয়, 'তাসের ঘরের মতো তৃণমূল কংগ্রেস ভেঙে পড়বে বলেও মন্তব্য করেন অধীরবাবু।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে বাম-কংগ্রেস আসন সমঝোতার পর এই প্ৰথম বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী একসঙ্গে সাংবাদিক বৈঠক করেন। বাংলায় বাম-কংগ্রেস একসঙ্গে লড়বে বলে জানিয়েছেন তাঁরা।