
মুকুল রায়ের বাড়িতে অধীর।
শেষ আপডেট: 16 May 2024 22:09
দ্য ওয়াল ব্যুরো: প্রচারের ফাঁকে বৃহস্পতিবার সন্ধেয় বর্ষীয়ান তৃণমূল নেতা মুকুল রায়ের বাড়িতে পৌঁছে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।
এদিন ব্যারাকপুরের সিপিএম প্রার্থী দেবদূত ঘোষের প্রচারে কল্যাণী এবং কাঁচরাপাড়া এলাকায় গিয়েছিলেন অধীর। প্রচারের মাঝেই দলীয় কর্মীদের কাছ থেকে অসুস্থ মুকুল রায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এরপরই প্রচার সেরে কাঁচরাপাড়ায় মুকুলের বাড়িতে পৌঁছে যান অধীর।
মুকুল রায়ের শারীরিক অবস্থার খোঁজ নেন। বেশ কিছুক্ষণ দু'জনের মধ্যে কথাও হয়। অধীরকে দেখে খুশিতে ঝলমল করে ওঠে মুকুলের চোখ মুখ। অসুস্থ মুকুল খাটে উঠে বসেন। তাঁর হাত ধরে পাশে বসেন অধীর।
বস্তুত, একসময় মুকুল রায়ও সাংসদ ছিলেন। রাজ্যসভা থেকে তৃণমূলের টিকিটে নির্বাচিত ছিলেন তিনি। ভিন্ন রাজনৈতিক দল হলেও দিল্লিতে গেলে অধীর-মুুকুলের দেখা হতই। দুজনের মধ্যে বরাবরই সুসম্পর্ক বজায় রয়েছে। তবে মুকুল রায়ের সঙ্গে কী কথা হল তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি অধীর।
প্রসঙ্গত, ২০১৭ সালের নভেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে্ছিলেন মুকুল। বিজেপির টিকিটে একুশের বিধানসভা ভোটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে তিনি জয়ীও হন। তবে জেতার কিছুদিন পরেই তৃণমূলে ফেরেন মুকুল। শারীরিক অসুস্থতার কারণে তার কিছুদিন পর থেকেই রাজনীতিতে নিষ্ক্রিয় মুকুল।