
শেষ আপডেট: 19 February 2024 17:30
দ্য ওয়াল ব্যুরো: রান্নার গ্যাসের লিঙ্কের পর ফের আধার কার্ড নিয়ে বিব্রত ও বিভ্রান্ত সাধারণ মানুষ। জন্মলগ্ন থেকেই আধার কার্ড বিড়ম্বনায় ফেলে চলেছে বলে অভিযোগ। এবার নতুন করে ফের আধার কার্ড নিষ্ক্রিয় করা নিয়ে জলঘোলা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পর সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে।
সোশাল মিডিয়ায় সম্প্রতি ছড়িয়ে পড়েছে আধার সম্পর্কিত দায়িত্বপ্রাপ্ত সংস্থা ইউআইডিএআইয়ের একটি নোটিস। যাতে আচমকাই জানানো হয়েছে, ভারতে থাকার শর্ত পূরণ না করতে পারার কারণে ২০১৬ সালের আধার আইনের ২৮এ ধারা অনুযায়ী আপনার আধার নিষ্ক্রিয় করা হল। কিন্তু, এ নিয়ে কলকাতার দায়িত্বপ্রাপ্ত সংস্থা কিংবা রাঁচির আঞ্চলিক অফিস, যেখানে রাজ্য, বিহার ও ঝাড়খণ্ডের কাজ হয়, সেখান থেকে কিছু স্পষ্ট করে জানা যায়নি।
● যে ধারার কথা বলা হয়েছে, তাতে রয়েছে যদি কোনও বিদেশির ভিসার মেয়াদ শেষ হয় বা ভারতে থাকার শর্ত শেষ হয়, তাহলে তাঁর আধার নিষ্ক্রিয় হবে।
● মূলত দেশে অনুপ্রবেশকারী চিহ্নিত করতে চালু হয়েছিল আধার। সেই সময়ই দেখা যায়, ভারতে কয়েক লক্ষ মানুষের কাছে এদেশে বসবাসের কোনও বৈধ নথি নেই। এক্ষেত্রে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ, অসম ও ত্রিপুরায় বহু মানুষের কাছে কোনও বৈধ নথি ছিল না।
● একাংশের মতে, অনুপ্রবেশকারী হিসেবে শনাক্ত হওয়া বা বিদেশি হিসেবে ধরে নিয়ে তাঁদের আধার নিষ্ক্রিয় করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
● তবে ভুয়ো নাগরিকত্বের প্রমাণ দাখিল করার জন্যও এই নোটিস পাঠানো হয়ে থাকতে পারে।
● কিছুদিন আগে ভরতুকির টাকা পেতে গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করা নিয়ে এরকমেরই একটি বিভ্রান্তি ছড়িয়েছিল। যার ফলে হাজার হাজার মানুষ সকাল থেকে লাইন দিয়ে পড়ে থাকতে গ্যাসের অফিসে। সে সময়েই লক্ষ্য করা যায় বহু বৃদ্ধবৃদ্ধার বায়োমেট্রিক অর্থাৎ ১০ আঙুলের ছাপ, চোখের মণির ছবি মিলছে না। তখন প্রশ্ন ওঠে তাহলে কি তাঁদের আধার নম্বর আর কাজ করবে না! কারণ দীর্ঘ ১০ বছর আগে যাঁরা আধার কার্ড করিয়েছিলেন, তাঁদের অনেকেরই সেগুলি মেলানো দুঃসাধ্য হয়েছিল।
● আধার কর্তৃপক্ষ বলেছিল, ১০ বছরের পুরনো কার্ডধারীদের তথ্য সংশোধন করতে। কারণ অনেকেরই ঠিকানা বদল হয়েছে। বদল হয়েছে ফোন নম্বরও। অনেকের মৃত্যুও হয়েছে।
● যে কারণে আধার নথিভুক্তি কেন্দ্র, আধার সেবাকেন্দ্র, গ্রাহক পরিষেবা কেন্দ্র, ব্যাঙ্ক বা বিএসএনএলের শাখায় গিয়ে তথ্য সংশোধন করে নেওয়া যায়। বায়োমেট্রিকের কারণে নিজেকে যেতে হবে। অক্ষম ব্যক্তিদের উপযুক্ত প্রমাণ সহ বাড়িতেও যাচাই করে নেওয়ার সুযোগ আছে।
● ১৪ মার্চ পর্যন্ত বিনা পয়সায় অনলাইনে শুধু ঠিকানা সংশোধন করে নেওয়া যাবে।
পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রাম, আজাপুর, আবুজহাটির প্রায় ৭০০ টি পরিবারের এক বা একাধিক সদস্যের আধার কার্ড বাতিল করার চিঠি এসে পৌঁছেছে। বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে জানা গিয়েছে, শুধু বাংলা নয় গোটা দেশজুড়েই আধার কার্ড বাতিলের হিড়িক পড়ে গিয়েছে। প্রায় ৩২ কোটি আধার কার্ড এই পর্যায়ে বাতিল করা হচ্ছে।
● ইউআইডিএআই ওয়েবসাইট খুলুন।
● স্ক্রল করে নীচে নেমে Check Aadhaar Validity-তে ক্লিক করুন।
● আপনার আধার নম্বর বসান এবং প্রদর্শিত ক্যাপচা কোড বসান।
● আধার বৈধ থাকলে ভেরিফিকেশন কমপ্লিটেড লেখা আসবে।