
প্রতীকী ছবি
শেষ আপডেট: 21 December 2024 16:32
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় জঙ্গি মডিউল তৈরির চেষ্টার অভিযোগে দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া সামগ্রী দেখে আর জিজ্ঞাসাবাদের পর পুলিশ নিশ্চিত যে তারা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। সেই সংগঠন আর অন্য কোথাকার নয়, বাংলাদেশের! কীভাবে ওপার বাংলা থেকে নির্দেশ পেয়ে এবার বাংলায় সন্ত্রাস ছড়ানোর পরিকল্পনা হচ্ছে, তা সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার।
শিলিগুড়িতে যে করিডর রয়েছে যা উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগসূত্র স্থাপন করে অর্থাৎ যাকে 'চিকেনস নেক' বলা হয়, সেই করিডর ব্যবহার করেই ওপার বাংলার জঙ্গিরা এপার বাংলায় জঙ্গি কার্যকলাপ করতে চাইছে। এমনটাই জানান এডিজি দক্ষিণবঙ্গ। গোপনে অস্ত্র সংগ্রহ এবং স্লিপার সেলের মাধ্যমে ভারত বিরোধী কাজে সক্রিয় হয়ে উঠতেই ওই অংশটি ব্যবহার করার চেষ্টা হচ্ছে।
সুপ্রতীম জানিয়েছেন, অসম পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ মিলে এই তদন্ত করছে। ধৃতদের জেরা করে এবং যে জিনিসপত্র উদ্ধার হয়েছে তার ওপর ভিত্তি করে আপাতত এইটুকু বলা যায় যে, ওপার বাংলা থেকেই এপার বাংলায় স্লিপার সেল নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছিল। একই সঙ্গে, জামাত এবং এবিটি'র মতো জঙ্গি সংগঠন ফের একবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে। সীমান্তের কাঁটা তার পেরিয়ে বাংলায় অনুপ্রবেশ করার চেষ্টাও জারি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্প্রতি যাদের পাকড়াও করা হয়েছে তারা হল আব্বাস আলি ও মনিরুল শেখ। ধৃতদের কাছ ছেকে উদ্ধর হয়েছে কয়েকটি মোবাইল ফোন, সিমকার্ড, নথিপত্র। সেগুলি সবই বাজেয়াপ্ত করা হয়েছে। সবকিছু পর্যবেক্ষণের পরে পুলিশের স্পষ্ট ধারনা দুজনেই এই রাজ্যে জঙ্গি মডিউল তৈরির ছক কষেছিল।
'আনসার উল বাংলা' টিম বিভিন্ন রাজ্যে জাল ছড়াচ্ছে বলে গোপন সূত্রে খবর পেয়েছিল অসম পুলিশ। এরপরই অসম, পশ্চিমবঙ্গ, কেরল, এই তিন রাজ্যে গত ১৭ থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে অভিযান চালিয়ে, আনসার উল বাংলা টিমের মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।