
শেষ আপডেট: 8 February 2024 16:48
দ্য ওয়াল ব্যুরো: তাঁরা মিড-ডে মিল রান্না করে রোজ খুদে পড়ুয়াদের মুখে খাবার তুলে দেন। বিনিময়ে মাসে জোটে সামান্য টাকা। এই ভাতা নিতান্তই সামান্য বলে অভিযোগ দীর্ঘদিনের। এবারের রাজ্য বাজেটে সেই মিড-ডে মিলের রাঁধুনিদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।
বাজেট পড়ার সময় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, রাজ্যে মিড-ডে মিলের রাঁধুনি আছেন ২ লাখ ৩০ হাজার। তাঁদের মাসিক বেতন ১০০০ টাকা। এবার থেকে রাঁধুনিদের সরকারের তরফ থেকেই অতিরিক্ত ৫০০ টাকা করে দেওয়া হবে। এর জন্য ১৪০ কোটি টাকা বরাদ্দ করছে রাজ্য সরকার।
বেশির ভাগ স্কুলেই মিড-ডে মিলের রান্নার কাজের দায়িত্বে রয়েছে স্বনির্ভর গোষ্ঠী। দেখা যাচ্ছে, অনেক স্কুলে যত জনের রান্না করার কথা, তার থেকে বেশি কর্মী ওই কাজে নিযুক্ত। তাছাড়া মিড-ডে মিলের মান নিয়েও অভিযোগ অজস্র। রাজ্যের মিড ডে মিলের খাবারের গুণমান নিয়ে একাধিকবার প্রশ্ন চিহ্ন উঠেছে। অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে একাধিক বার কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হয়। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার রাজনীতিতে করছে বলেও দাবি করা হয় শাসক দলের তরফে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন, যা টাকা বরাদ্দ হয় তাতে মিড-ডে মিলে বৈচিত্র্য আনা সম্ভব নয়। সাত দিন সাত রকম খাবার দেওয়া যাবে না। তবে পেট ভরে ডাল-ভাত খাকই বাচ্চারা। মুখ্যমন্ত্রী এও বলেছিলেন মিড-ডে মিলের রাঁধুনি মায়েদের ১০০ দিনের প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত করার কথা ভাবা হচ্ছে।